দেশের অন্যতম আইকনিক মডেল বলা হয় সাদিয়া ইসলাম মৌকে। বিশেষ করে নারী মডেল ক্যাটালগে তার চেয়ে দীর্ঘ ও সমৃদ্ধ ক্যারিয়ার আর কোনও মডেলের গড়ে ওঠেনি।
৯০ দশক থেকে এখনও তিনি নিজেকে ধরে রেখেছেন, আপন আলোয়। সংসার, প্রফেশন ও সোশ্যাল হ্যান্ডেলে নিজেকে গুলিয়ে ফেলেননি একদমই। অথচ সেই মৌ কি না ক্ষোভে ফেটে পড়লেন। দিলেন ধমক। বলতে বাধ্য হলেন- ‘এসব অপপ্রচার বন্ধ করুন!’
সাদিয়া ইসলাম মৌ কাজ নিয়ে ব্যস্ত থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে খুব একটা সক্রিয় নন। তবে তার নাম ও ছবি ব্যবহার করে অনলাইনে ভুয়া পেজ ও আইডি খোলার ঘটনায় চরম বিরক্তি, বিব্রত ও ক্ষোভ প্রকাশ করেছেন এই মডেল-অভিনেত্রী।
মৌয়ের দাবি, তার নাম ও ছবি ব্যবহার করে অসংখ্য ভুয়া অ্যাকাউন্ট থেকে নিয়মিত স্ট্যাটাস দেওয়া, ছবি ও এআই ভিডিও আপলোড করা এবং তার পরিচিতজনদের পোস্টে মন্তব্য করা হচ্ছে!
মৌ জানান, ফেসবুকে তার একটি মাত্র ব্যক্তিগত অ্যাকাউন্ট রয়েছে, যার নাম ‘সাদিয়া ইসলাম’। ‘সাদিয়া ইসলাম মৌ’ নামে তার কোনও আইডি বা পেজ নেই। পাশাপাশি ইনস্টাগ্রামসহ অন্য কোনও সামাজিক যোগাযোগমাধ্যমেও তার কোনও অ্যাকাউন্ট নেই।
ভক্তদের সতর্ক করে তিনি আরও বলেন, ‘ভুয়া অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হয়ে আপনারা প্রতারিত হবেন না। আবারও জানিয়ে দিচ্ছি—আমার কোনও ফ্যান পেজ নেই, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও নেই। যারা এসব করছে, সাবধান হোন। নইলে আইনি ব্যবস্থায় যা হওয়ার, তাই হবে।’