অন্য যে কোনও বছরের চেয়ে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডাম (আইএফএফআর)-এর এবারের (৫৫তম) আসর এমনিতেই বিশেষ হয়ে উঠেছিল। কারণ, এবারই প্রথম এই উৎসবে একসঙ্গে দেশের তিনটি সিনেমা অংশ নিয়েছে বিভিন্ন বিভাগে। তাই নয়, এবারই প্রথম এতো শিল্পী-কুশলী উৎসবটিতে সরাসরি অংশ নিয়েছে ঢাকা থেকে।
অংশগ্রহণেই থামেনি বাংলাদেশ, এরমধ্যে আসতে শুরু করেছে সুখবর। প্রথম সুখবরটি এলো ৬ ফেব্রুয়ারি রাতে বাংলাদেশের ‘মাস্টার’-এর পক্ষ থেকে। সিনেমাটি আসরের বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জিতেছে।
নেদারল্যান্ডসের রটারডাম শহর থেকে পুরস্কার জয়ের বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত ও শিল্পীরা। আন্তর্জাতিক এই স্বীকৃতি বাংলাদেশি সমসাময়িক সিনেমার জন্য নতুন এক মাইলফলক বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
ক্যাপশনে সিনেমাটির অভিনেত্রী বাঁধন লেখেন, ‘আমরা বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জিতলাম। অভিনন্দন পরিচালক ও সিনেমার পুরো টিমকে। বাংলাদেশের জন্য কী দারুণ একটি দিন!’
সরকারি অনুদানে নির্মিত ‘মাস্টার’ সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে একটি উপজেলার স্থানীয় রাজনীতি ও ক্ষমতার টানাপড়েনকে ঘিরে। এতে আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, নাসির উদ্দিন খান ছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ, শরিফ সিরাজসহ অনেকে।