ফেসবুক থেকে নির্মাতা দীপু হাজরার ঘরে!

বিশ্ব ভালোবাসা দিবসে বিয়ে-বন্ধনে আবদ্ধ হলেন নির্মাতা দীপু হাজরা। আজ রবিবার, ১৪ ফেব্রুয়ারি পারিবারিক আয়োজনে ছোট পরিসরে ঢাকার একটি রেস্টুরেন্টে এ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। 

দীপু জানান, তার স্ত্রী সাথী আক্তার ঢাকা সিটি কলেজের ইংরেজি সম্মান বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। যার সঙ্গে তার পরিচয় ঘটেছিলো ফেসবুকে!

নির্মাতার বয়ানে, ‘বিয়েটা দুই পরিবারের সমঝোতায় হলেও, আমাদের মধ্যে সম্পর্ক তৈরি হয় বছর তিনেক আগে, ফেসবুক সূত্রে। এরপর ভালোবাসার জন্ম। অবশেষে দুজনেই সিদ্ধান্ত নিলাম, আমাদের বিয়ে হবে যে কোনও ভালোবাসা দিবসে। সেটাই হলো আজ। আশা করি আমাদের বাকি দিনগুলো ভালোবাসায় কাটবে।’ 

দীপু হাজরা জানান, বর্তমান সময়ের প্রেক্ষাপটে বড় পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা না করতে পারলেও সময় সুযোগ করে একটি বড় অনুষ্ঠানের পরিকল্পনা করছেন তিনি।

বলা দরকার, দেশের জনপ্রিয় টিভি নাটক নির্মাতাদের মধ্যে অন্যতম দীপু হাজরা। তিনি এরমধ্যে শতাধিক নাটক নির্মাণ করেছেন।