তৌকীর আহমেদ পরিচালিত চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’ এবার আসছে মঞ্চে। মধ্যপ্রাচ্যে নিহত এক বাঙালির লাশ দেশে আনা নিয়ে সৃষ্ট জটিলতা, সেই ছোট জটিলতার বিশাল রূপ ধারণ, ভুক্তভোগী পরিবারের দুর্দশা, অপরিমেয় আক্ষেপের এক সহজ-সরল চিত্রায়ণ অজ্ঞাতনামা।
তবে আর ক্যামেরার ফ্রেমে নয় মঞ্চের আলোয় দেখা যাবে সে গল্প। এমনটা নিজেই জানালেন তৌকীর আহমেদ।
১৯ এপ্রিল রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘আমাদের সংস্কৃতি ও শিল্পীর দায়’ শীর্ষক সেমিনারে এ ঘোষণা দেন তৌকির। শুধু তাই নয়, ফের চলচ্চিত্র নির্মাণেও হাত দিচ্ছেন তিনি। তৌকির আহমেদ বলেন, “অজ্ঞাতনামা এ বছরই নাট্যকেন্দ্র থেকে মঞ্চে আসছে। এ বছরের শেষে আবার একটি সিনেমা বানাবো।”
জনপ্রিয় অভিনেতা আবুল হায়াতকে নিয়েও একটি চলচ্চিত্র নির্মাণের কাজ করার ব্যাপারে নিজের আগ্রহের কথা জানান তৌকির। ব্যক্তিজীবনে আবুল হায়াত তৌকিরের শশুর। তার কথা উল্লেখ করে তৌকির বলেন, “বাবাকে নিয়ে এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কেন কাজ করা হয়নি। তাকে ছোট ছোট চরিত্র দিয়েছি আমরা। তাকে ঘিরে একটা পূর্ণাঙ্গ কাজ করতে চাই।”
সেমিনারে বক্তব্য রাখেন মামুনুর রশিদ, আবুল হায়াত, মাহফুজ আহমেদ, দীপা খন্দকার, মীর সাব্বির প্রমুখ। এদিন বিকেলে অজ্ঞাতনামা চলচ্চিত্রটি শিল্পকলা একাডেমির মূল হলে প্রদর্শিত হয়, একইদিন সন্ধ্যায় নাট্যকেন্দ্র মঞ্চায়ন করে তৌকির আহমেদ নির্দেশিত নাটক তীর্থযাত্রা।