এবার প্রযোজক সানি লিওনি

সানি লিওনি।রিয়েলিটি শো উপস্থাপনা, অভিনয় আর আইটেম গানে নাচের পর এবার সানি লিওনি প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। নতুন এ ছবিতে সানি নিজেই অভিনয় করবেন। তবে এখনও সিনেমার নাম ঠিক হয়নি। ‘মাস্তিজাদে’খ্যাত সানি লিওনির প্রযোজিত সিনেমাটি একটি ড্রামা-থ্রিলারধর্মী হবে, এটুকুই জানালেন।


পিটিআইকে তিনি বলেন, ‘আশা করছি চলতি বছরে জুলাই-আগস্টের কোনও সময় শ্যুটিং শুরু হবে। এটা হবে একটি ড্রামা-থ্রিলারধর্মী সিনেমা। মনে হচ্ছে, ভালো একটা কাজ হবে।’

লিওনি আরও বলেন, ‘আমি নিজেই ছবিটিতে অভিনয় করবো। কারণ এটাই হবে সবচেয়ে ভালো। অন্যান্য বিষয়গুলো এখনও ঠিক হয়নি, শিগগিরই সবকিছু চূড়ান্ত করে জানাবো।’

অবশ্য শুধু একটা সিনেমায় প্রযোজনা করেই থামতে চান না সানি। জানালেন একটি সুপারহিরো সিনেমা নির্মাণেরও পরিকল্পনা রয়েছে তার। সানির ভাষায়, ‘সুপারহিরো সিনেমাটি আমার তালিকায় রয়েছে।’

সানি আরও বলেন, ‘‘আমি মনে করি প্রথম ছবি দিয়ে প্রযোজনা সংস্থা হিসেবে আমরা যদি সাধারণের তুলনায় বিশেষ কিছু দিতে পারি, অন্যমাত্রার কাহিনী, তাহলে আমরা ‘সুপারহিরো’ সিনেমার পরিস্থিতি তৈরি করতে পারবো।’’
অবশ্য ৩৪ বছরের এ অভিনেত্রীর আপাতত চিত্রনাট্য লেখার কোনও ইচ্ছা নেই। এখন তিনি শুধু তার নিজস্ব প্রযোজনার সিনেমায় মনোযোগ দেবেন। জানালেন, ‘আমি জানি না এই কাজের জন্য আমার যোগ্যতা রয়েছে কি না। এটা ভিন্ন মাত্রার সামর্থ যা টুকরো টুকরোকে একটি চিত্রনাট্যে পরিণত করতে পারে। আমি এখন শুধু জানি, আমাকে নিজের সংস্থার কাজে মনোযোগ দিতে হবে।’

আগামীতে বলিউড সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে নাচতে দেখা যাবে সানি লিওনিকে। কিং খানের ক্রাইম-থ্রিলার ‘রায়েস’-এ ১৯৮০ সালের সুপারহিট গান ‘লায়লা ও লায়লা’ গানের নতুন সংস্করণে নাচবেন তারা।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এএ/এমএম/