অসুস্থ শিশুদের মুখে হাসি ফোটাতে ডিজনির নতুন শর্টফিল্ম

আসন্ন টয় স্টোরি ৫–এর মুক্তিকে সামনে রেখে নতুন একটি মানবিক উদ্যোগ নিয়েছে ডিজনি। এর অংশ হিসেবে প্রকাশ করা হয়েছে ‘জেসি সেভস দ্য ডে’ শিরোনামের একটি শর্টফিল্ম তথা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, যার মাধ্যমে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন শিশুদের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হচ্ছে।

নতুন এই চলচ্চিত্রে দেখা যায়, পায়ের এক্স-রে করাতে হাসপাতালে এসেছে এক ছোট্ট মেয়ে। চিকিৎসা প্রক্রিয়া নিয়ে কিছুটা ভীত ও উদ্বিগ্ন সে। অপেক্ষমাণ কক্ষে বসে থাকা মেয়েটির হাতে রয়েছে তার প্রিয় খেলনা মিস্টার পটেটো হেড ও জেসি। ঠিক তখনই টয় স্টোরি–র পরিচিত খেলনাগুলো যেন জীবন্ত হয়ে ওঠে। তারা মেয়েটিকে সাহস জোগানোর জন্য নানা উপায় খুঁজতে থাকে, যাতে চিকিৎসা নিয়ে তার ভয় কেটে যায়।

চলচ্চিত্রটি ডিজনির ‘দ্য ম্যাজিক অব মুভিজ’ নামের একটি দাতব্য উদ্যোগের অংশ। এই কর্মসূচির মাধ্যমে গুরুতর অসুস্থ শিশুদের জীবনে কিছুটা আনন্দ ও স্বস্তি পৌঁছে দেওয়ার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি দর্শকদের কাছ থেকে হাসপাতালের নাম মনোনয়নের আহ্বানও জানানো হয়েছে, যাতে নির্বাচিত হাসপাতালগুলো বিশেষ সহায়তা পেতে পারে।

এ বিষয়ে ডিজনির ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের বিপণন বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট লি জুরি বলেন, “প্রজন্মের পর প্রজন্ম দর্শক উডি, বাজ লাইটইয়ার, জেসি ও তাদের বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব, বিশ্বস্ততা এবং একাত্মতার অনুভূতির কারণে সংযুক্ত হয়েছেন। সেই প্রিয় চরিত্রগুলোর মাধ্যমে প্রয়োজনের মুহূর্তে শিশুদের মুখে হাসি ফোটাতে পারাটা আমাদের জন্য আনন্দের।”

ডিজনির ‘মুভি মোমেন্টস’ কর্মসূচির আওতায় বিভিন্ন দাতব্য সংস্থার সহযোগিতায় হাসপাতালগুলোতে চলচ্চিত্র প্রদর্শন, ভ্রাম্যমাণ সিনেমা সুবিধা এবং স্ট্রিমিং সেবা দেওয়া হয়, যাতে চিকিৎসাধীন শিশুরা কিছু সময়ের জন্য হলেও আনন্দময় অভিজ্ঞতা লাভ করতে পারে।

ইতোমধ্যে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি উন্মুক্ত করা হয়েছে। আর বহুল প্রতীক্ষিত টয় স্টোরি ৫ মুক্তি পাচ্ছে আগামী ১৯ জুন।