বিশ্ব সংগীত দিবস ঘিরে আজও সরব থাকছে রাজধানীর সংগীতাঙ্গন

বিশ্ব সংগীত দিবস উপলক্ষে রাজধানীর সংগীতাঙ্গন আজও থাকবে বর্ণাঢ্য আয়োজন ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর। বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদের দুই দিনব্যাপী পৃথক কর্মসূচির দ্বিতীয় দিনের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে এবারের আয়োজন।

দুই সংগঠনের আয়োজনে শোভাযাত্রা, আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে ইতিমধ্যে উৎসবমুখর হয়ে উঠেছে রাজধানী ঢাকা। প্রথম দিনের মতো আজও থাকবে ধারাবাহিক সংগীত পরিবেশনা, দলীয় ও একক উপস্থাপনা এবং সাংস্কৃতিক পরিবেশনার নানা পর্ব।

সংগীত দিবসের আয়োজনে শিল্পকলা একাডেমি
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জাতীয় নাট্যশালা মিলনায়তনে গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত সংগীত সন্ধ্যায় অংশ নেন দেশের খ্যাতনামা শিল্পীরা। সমবেত পরিবেশনায় গান করেন আগুন, মেহরীন, ফাহমিদা নবী, আলিফ আলাউদ্দিন, পলাশ নূর, সাব্বির জামান, রমা, মিতা খন্দকার, পিয়াল হাসান, অনিমেষ ও অংকুর কুমার।

একক সংগীতে অংশ নেন পিয়াল হাসান, ফাহমিদা নবী, খান আসিফুর রহমান আগুন, অনিমা রায়, মনির খান, আলিফ আলাউদ্দিন, নাসির, শফি মণ্ডল ও ইয়াসমিন মুস্তারি। এছাড়া অর্কেস্ট্রা ও ব্যান্ড পরিবেশনায় অংশ নেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির যন্ত্রশিল্পীবৃন্দ, চীন ও জাপান দূতাবাসের আমন্ত্রিত শিল্পী এবং ইথুন বাবু অ্যান্ড ফ্রেন্ডস, অনিমেষ অ্যান্ড ফ্রেন্ডস ও অংকন কুমার।

সংগীত সমন্বয় পরিষদের আয়োজন
অন্যদিকে বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদের উদ্যোগে সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে গতকাল বিকেল থেকে শুরু হওয়া সাংস্কৃতিক পর্বে সুরের ধারা, নিবেদন, গীতশতদল, অভ্যুদয়, রাধারমণ সংস্কৃতি চর্চা কেন্দ্র, বিশ্ববীণা, সঙ্গীত ভবন, নির্ঝরিণী একাডেমি, বুলবুল ললিতকলা একাডেমি (ওয়াইজঘাট), বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, মরমী লোকগীতি শিল্পীগোষ্ঠী এবং দেলোয়ার হোসেন বয়াতী ও তার দল একক ও দলীয় পরিবেশনায় অংশ নেয়।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আজ বিকেলে জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হবে সমাপনী পর্ব। অন্যদিকে সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদের উদ্যোগে সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে বিকেল সাড়ে ৪টা থেকে শুরু হবে আলোচনা পর্ব এবং বিকেল ৫টা থেকে সাংস্কৃতিক পরিবেশনা চলবে।

দুই ভেন্যু মিলিয়ে আজও দিনভর সংগীত, শোভাযাত্রা ও পরিবেশনায় সরব থাকবে রাজধানীর সাংস্কৃতিক অঙ্গন।