সন্তান জন্মের পর মাঠে ফেরা সহজ হবে? নারী ক্রিকেটারদের পাশে দীপিকা

সন্তান জন্মের পর নারী ক্রিকেটারদের পেশাদার খেলায় ফেরার প্রক্রিয়া সহজ করতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নতুন পোস্ট-প্রেগন্যান্সি রিটার্ন-টু-প্লে গাইডলাইন চালু করেছে। এই উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

আইসিসির নতুন নির্দেশিকার লক্ষ্য হলো সন্তান জন্মের পর নারী ক্রিকেটারদের ধাপে ধাপে ও নিরাপদভাবে আবার প্রতিযোগিতামূলক খেলায় ফেরানো। গাইডলাইনে শারীরিক পুনর্বাসন, মানসিক স্বাস্থ্য সহায়তা, মেডিকেল পর্যবেক্ষণ এবং প্রতিটি ক্রিকেট বোর্ডের জন্য পৃথক দিকনির্দেশনা অন্তর্ভুক্ত রয়েছে। এতে একজন খেলোয়াড় তার শারীরিক পরিস্থিতি অনুযায়ী চিকিৎসক ও ফিজিওথেরাপিস্টদের তত্ত্বাবধানে ধীরে ধীরে অনুশীলন ও ম্যাচ ফিটনেসে ফিরতে পারবেন।

এই উদ্যোগকে সমর্থন জানিয়ে দীপিকা পাড়ুকোন বলেন—“এটা নারীদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মাতৃত্বের পর পেশাগত জীবনে ফেরা যেন আরও নিরাপদ ও সহায়ক হয়—এই ধরনের কাঠামো সত্যিই প্রয়োজন।”

তিনি আরও বলেন, এ ধরনের নির্দেশনা কেবল ক্রিকেট নয়, সামগ্রিকভাবে নারীদের কর্মজীবনে ভারসাম্য ও সহায়তার দৃষ্টান্ত তৈরি করবে।

আইসিসির এই গাইডলাইনকে নারী ক্রীড়াবিদদের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে, যেখানে মাতৃত্বের পর নিরাপদভাবে প্রতিযোগিতামূলক খেলায় ফেরার সুযোগকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বর্তমানে অন্তঃসত্তা অবস্থায় থাকা দীপিকা এই সময়েও নিয়মিত শুটিং ও পেশাগত কাজে সক্রিয় রয়েছেন। চলচ্চিত্র ও ওটিটি প্রজেক্টের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের কাজেও তাকে ব্যস্ত দেখা যাচ্ছে। শারীরিক অবস্থার কারণে তিনি কাজের সময়সূচি কিছুটা সামঞ্জস্য করে চললেও, তিনি এখনো নিয়মিতভাবে অভিনয় ও প্রোডাকশন সংশ্লিষ্ট কাজে যুক্ত আছেন।

সূত্র: ইন্ডিয়া টুডে