মুস্তাফা মনোয়ারকে বিদায়: আগামীকাল বিটিভি, শহীদ মিনার ও চারুকলায় শ্রদ্ধা

বরেণ্য চিত্রশিল্পী ও বাংলাদেশের পুতুলনাট্যের জনক মুস্তাফা মনোয়ারের দাফন ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। শিল্পীর ছেলে সাদাত মনোয়ার এই তথ্য নিশ্চিত করেছেন।

পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য শিল্পীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। এরপর তাকে বনানী কবরস্থানে চিরশায়িত করা হবে।

এর আগে আজ সোমবার ধানমন্ডির তাকওয়া মসজিদ থেকে গোসল শেষে দুপুর ১২টায় শিল্পীর মরদেহ তাঁর নিজ বাসভবনে আনা হয়েছে। এখানে বিকেল পর্যন্ত মরদেহ রাখা হবে। পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের শ্রদ্ধা নিবেদন শেষে আজ রাতের জন্য মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হবে।

আগামীকাল মঙ্গলবার সকাল ৯টায় মুস্তাফা মনোয়ারের মরদেহ সর্বপ্রথম নিয়ে যাওয়া হবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণে এবং সেখানে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে মরদেহ নিয়ে আসা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সেখানেই রাখা হবে।

শহীদ মিনার থেকে মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এবং সেখানে তাঁর দ্বিতীয় জানাজা সম্পন্ন হবে। জানাজা শেষে মরদেহ আধা ঘণ্টার জন্য নিয়ে যাওয়া হবে তাঁর প্রিয় কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে, যেখানে তাঁর সহকর্মী ও শিক্ষার্থীরা শেষ শ্রদ্ধা নিবেদন করবেন। চারুকলার আনুষ্ঠানিকতা শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে বনানী কবরস্থানে এবং সেখানেই চিরনিদ্রায় শায়িত হবেন বরেণ্য এই সংস্কৃতিজন।