নিজ বাড়িতে প্লাস্টিক বর্জন করেছেন, তবু কেন বিতর্কে দিয়া মির্জা?

বলিউড অভিনেত্রী দিয়া মির্জা দীর্ঘদিন ধরেই পরিবেশ সংরক্ষণ নিয়ে সোচ্চার। ব্যক্তিগত জীবনেও সেই চর্চার প্রতিফলন ঘটিয়েছেন তিনি। নিজের ভাষ্য অনুযায়ী, বাড়িতে প্লাস্টিকের ব্যবহার পুরোপুরি বর্জন করেছেন এই অভিনেত্রী। তবে পরিবেশ সচেতনতার সেই বার্তাই এবার তাকে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে ফেলেছে।

সম্প্রতি সোহা আলি খানের পডকাস্টে অতিথি হয়ে দিয়া জানান, একদিন নারকেল পানি পৌঁছে দিতে আসা এক ডেলিভারি কর্মী প্লাস্টিকের ব্যাগ ও প্লাস্টিকের স্ট্র ব্যবহার করেছিলেন। তখন তার পাঁচ বছর বয়সী ছেলে আভিয়ান আজাদ রেখি দরজা খুলে ডেলিভারি কর্মীকে বলে, “ভাইয়া, প্লাস্টিকে নিয়ে এসেছেন? আমাদের বাড়িতে প্লাস্টিক অ্যালাউড নয়। এটা প্লাস্টিক থেকে বের করে নিচে রাখুন, আর প্লাস্টিক আর স্ট্র নিয়ে যান।”

দিয়া মির্জা ও তার সন্তান
ঘটনাটি বলতে গিয়ে দিয়া জানান, তাদের বাড়িতে প্লাস্টিকের ব্যবহার অনুমোদিত নয়। ছোটবেলা থেকেই ছেলেকে পরিবেশবান্ধব জীবনযাপনের শিক্ষা দিচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।

পডকাস্টের ওই অংশ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক। অনেক নেটিজেনের দাবি, পরিবেশ সচেতনতা শেখানো অবশ্যই ইতিবাচক উদ্যোগ। তবে একজন ডেলিভারি কর্মীর সঙ্গে এভাবে কথা বলাকে উৎসাহ দেওয়া উচিত নয়। কেউ কেউ মন্তব্য করেন, শিশুদের শুধু পরিবেশ নয়, ভদ্রতা ও মানুষের প্রতি সম্মান দেখানোর শিক্ষাও সমান গুরুত্বপূর্ণ।

অবশ্য দিয়ার সমর্থকদের একাংশের ভিন্ন মত। তাদের মতে, ছোটবেলা থেকেই পরিবেশ রক্ষার অভ্যাস গড়ে তোলা জরুরি। প্লাস্টিকের ব্যবহার কমানোর বার্তা সমাজে ছড়িয়ে দিতে এমন উদ্যোগ ইতিবাচক বলেও মনে করছেন তারা।

উল্লেখ্য, দিয়া মির্জা জাতিসংঘের পরিবেশবিষয়ক বিভিন্ন উদ্যোগের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন। পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং টেকসই জীবনযাপন নিয়ে তিনি নিয়মিত সচেতনতা তৈরির কাজ করে আসছেন।