আম, ঐতিহ্য আর বিশ্বকাপের ছোঁয়ায় বিশেষ ‘ইত্যাদি’

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-র চাঁপাইনবাবগঞ্জের আম্রকাননে ধারণ করা একটি বিশেষ পর্বের সংকলিত সংস্করণ আগামী শুক্রবার (৩ জুলাই) রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে।

২০১৬ সালে বাংলা বছরের প্রথম মাসে চাঁপাইনবাবগঞ্জের হর্টিকালচার সেন্টারের আম্রকাননে ধারণ করা হয়েছিল এই বিশেষ পর্বটি। প্রকৃতির অপার সৌন্দর্যের পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, প্রাচীন বরেন্দ্র অঞ্চল, গৌড়-সুলতানি আমলের নানা নিদর্শন এবং বিখ্যাত আমকে ঘিরে নির্মিত হয়েছিল অনুষ্ঠানটির বিভিন্ন আয়োজন।

বিশ্বজুড়ে ফুটবল বিশ্বকাপের আবহকে সামনে রেখে সংকলিত পর্বটিতে অতীতে প্রচারিত ফুটবলভিত্তিক বিভিন্ন আকর্ষণীয় ও তথ্যসমৃদ্ধ অংশও সংযোজন করা হয়েছে।

এ পর্বে থাকছে চাঁপাইনবাবগঞ্জ ও এর বিখ্যাত আম নিয়ে দুটি তথ্যবহুল প্রতিবেদন। এছাড়া সরীসৃপপ্রেমী এক তরুণকে নিয়ে একটি সচেতনতামূলক প্রতিবেদন, ফুটবল নিয়ে তিনবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়া মাগুরার হালিমকে নিয়ে একটি অনুকরণীয় প্রতিবেদন এবং খুলনার ফুলতলা উপজেলার সমাজসেবায় নিবেদিতপ্রাণ কুতুবউদ্দিন আহমেদকে নিয়ে একটি শিক্ষামূলক প্রতিবেদনও থাকছে।

বিদেশি পর্বে তুলে ধরা হবে প্রাকৃতিক সৌন্দর্য ও প্রত্নঐতিহ্যে সমৃদ্ধ গ্রিসের রাজধানী এথেন্স এবং দেশটির ঐতিহাসিক বিভিন্ন স্থানের নানা দিক।

অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জকে নিয়ে মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা ও হানিফ সংকেতের সুরে একটি গানের সঙ্গে স্থানীয় প্রায় শতাধিক নৃত্যশিল্পীর অংশগ্রহণে পরিবেশিত হবে বর্ণাঢ্য নৃত্য। এছাড়া থাকছে একটি ব্যঙ্গধর্মী মিউজিক্যাল ড্রামা, যেখানে বিভিন্ন অফিসের অসংগতি তুলে ধরা হয়েছে। এতে অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা প্রাণ রায় ও জয়রাজ।

দর্শকপর্বে অংশ নিয়েছে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা দল। গম্ভীরা শিল্পী মাহাবুবুল আলম ও ফাইজুর রহমান মানিক লোকসংগীত পরিবেশন করবেন। পাশাপাশি ‘নানি-নাতি’, ‘মামা-ভাগনে’ ও ‘চিঠিপত্র’সহ ইত্যাদির জনপ্রিয় বিভিন্ন পর্বের সংকলিত পরিবেশনাও থাকবে।

বরাবরের মতো অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। সংকলিত পর্বটি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে।