স্বপ্নপূরণে আমেরিকায় আস্ত স্টেডিয়াম বানালেন শাহরুখ, খরচ কত?

ক্রীড়াপ্রেমীরা যখন মেতে আছেন ফুটবল বিশ্বকাপের উন্মাদনায়, ঠিক তখনই ক্রিকেট বিশ্বে এক বিরাট চমক দিল বলিউড বাদশা শাহরুখ খানের 'নাইট রাইডার্স গ্রুপ'। মার্কিন মুলুকে ক্রিকেটের জোয়ার আনতে এবার লস অ্যাঞ্জেলেসে আস্ত একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম উন্মোচন করল কেকেআর ফ্র্যাঞ্চাইজি।

স্বপ্নের এই স্টেডিয়ামটি তৈরিতে প্রাথমিক খরচ হয়েছে প্রায় ২১ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২৪৬ কোটি টাকারও বেশি এবং ভারতীয় মুদ্রায় প্রায় ১৭৫ কোটি রুপি। ক্যালিফোর্নিয়ার পমোনা ফেয়ারপ্লেক্সে নির্মিত এই বিশ্বমানের স্টেডিয়ামটির প্রথম ঝলক সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে। মাত্র ১০০ দিনের রেকর্ড সময়ে এই স্টেডিয়ামের মূল অবকাঠামো নির্মাণের কাজ শেষ হয়েছে।

এই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে নিজের আবেগ প্রকাশ করেন শাহরুখ। তিনি বলেন, "সবাইকে হ্যালো। আজ আমাদের একটি স্বপ্ন সত্যি হওয়ার দিন। বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় খেলা ক্রিকেটকে আমরা নিয়ে আসছি লস অ্যাঞ্জেলেসে। ফেয়ারপ্লেক্স, লস অ্যাঞ্জেলেস এবং নাইট রাইডার্স-এর দীর্ঘমেয়াদী যৌথ প্রয়াসেই এটা সম্ভব হচ্ছে; যার লক্ষ্য এমন একটা জায়গা তৈরি করা যা উদ্দীপনা, সামাজিক মেলবন্ধন, একতা এবং অবশ্যই বিনোদনে ভরপুর থাকবে।

লস অ্যাঞ্জেলেস এবং আমাদের এই আগামীর পথচলার জন্য শুভকামনা। সবাইকে ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা।" একই সঙ্গে এই মহৎ যাত্রায় পাশে থাকার জন্য আইসিসি চেয়ারম্যান জয় শাহ-কে ‘ভাই’ বলে সম্বোধন করে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন কিং খান।

আইসিসির আন্তর্জাতিক মানদণ্ড মেনে তৈরি করা এই স্টেডিয়ামটিতে রয়েছে আধুনিক সব সুযোগ-সুবিধা। এর প্রধান স্কয়ারে রয়েছে আইসিসি অনুমোদিত ৮টি উইকেট এবং নৈশকালীন ম্যাচের জন্য বসানো হয়েছে ১২০ ফুট উঁচু ৬টি ফ্লাডলাইট টাওয়ার। মেজর লিগ ক্রিকেটের নতুন মৌসুমের ম্যাচ দিয়ে এই মাঠের যাত্রা শুরু হচ্ছে।

বর্তমানে আসন সংখ্যা ৫,০০০ হলেও ২০২৮ সালের মধ্যে তা বাড়িয়ে ১৫,০০০ করার পরিকল্পনা রয়েছে। এটি মূলত আমেরিকার ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হবে।

ক্রিকেটপ্রেমীদের মনে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই মাঠে নীল জার্সিতে ভারতীয় দলকে কবে দেখা যাবে। দীর্ঘ ১২৮ বছর পর অলিম্পিকের মঞ্চে ফিরছে ক্রিকেট। লস অ্যাঞ্জেলেস অলিম্পিক আয়োজক কমিটি এবং আইসিসি ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের সব ক্রিকেট ম্যাচ এই নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ডেই অনুষ্ঠিত হবে। অর্থাৎ, অলিম্পিক পদকের লড়াইয়ে টিম ইন্ডিয়া এই মাঠেই মাঠে নামবে। মার্কিন মুলুকে ক্রিকেটকে জনপ্রিয় করতে কেকেআর-এর এই ঐতিহাসিক পদক্ষেপ নিঃসন্দেহে ক্রীড়া দুনিয়ায় এক নতুন মাইলফলক।