দিল্লিতে ৩৭ কোটির বাড়ি কিনলেন শাহরুখ, কত বড় হলো তার সম্পত্তির সাম্রাজ্য?

বলিউডের ‘বাদশাহ’ শাহরুখ খান আবারও আলোচনায়। সম্প্রতি ভারতের রাজধানী দিল্লির পঞ্চশীল পার্কে নিজের ও স্ত্রী গৌরী খানের বিবাহ-পরবর্তী প্রথম বাড়িটির বাকি অংশ কিনে সম্পূর্ণ মালিকানা নিজের নামে নিয়েছেন। এই সম্পত্তি কিনতে তার খরচ হয়েছে প্রায় ৩৭ কোটি রুপি।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, এই নতুন সম্পত্তি যুক্ত হওয়ার পর শাহরুখ খানের স্থাবর সম্পত্তির আনুমানিক মূল্য দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ২২৭ কোটি রুপি। অর্থাৎ এটি শুধু তার বাড়ি, ভিলা, অ্যাপার্টমেন্ট ও অন্যান্য স্থাবর সম্পত্তির সম্মিলিত মূল্য।

দিল্লির পঞ্চশীল পার্কের বাড়িটির সঙ্গে জড়িয়ে আছে শাহরুখ-গৌরীর জীবনের আবেগঘন স্মৃতি। ১৯৯১ সালে বিয়ের পর এই বাড়িতেই তাদের নতুন সংসার শুরু হয়েছিল। সম্প্রতি ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলার মালিকানাও কিনে নেওয়ায় পুরো বাড়িটিই এখন শাহরুখের মালিকানায় এসেছে।

শাহরুখের সবচেয়ে পরিচিত ঠিকানা অবশ্যই মুম্বাইয়ের সমুদ্রতীরবর্তী বাংলো ‘মান্নাত’। বিলাসবহুল এই বাড়িটি শুধু তার বাসভবনই নয়, ভক্তদের কাছেও একটি দর্শনীয় স্থান। এ ছাড়া দুবাইয়ের পাম জুমেইরাহ দ্বীপে রয়েছে তার বিলাসবহুল ভিলা ‘জান্নাত’। লন্ডনের অভিজাত মে-ফেয়ার এলাকায় রয়েছে একটি অ্যাপার্টমেন্ট এবং মুম্বাইয়ের কাছের আলিবাগে রয়েছে বিশাল অবকাশযাপন এস্টেট।

সম্প্রতি ব্যবসায়িক বিনিয়োগেও নতুন অধ্যায় যোগ করেছেন শাহরুখ। তার মালিকানাধীন ক্রীড়া প্রতিষ্ঠান দক্ষিণ আফ্রিকার একটি টি-টোয়েন্টি ক্রিকেট দলের নিজস্ব মাঠ সুপারস্পোর্ট পার্ক অধিগ্রহণ করেছে। এর মাধ্যমে ক্রিকেটভিত্তিক ব্যবসায় নিজের অবস্থান আরও শক্ত করেছেন এই বলিউড তারকা।

সব মিলিয়ে মান্নাত, দিল্লির পঞ্চশীল পার্কের বাড়ি, দুবাইয়ের জান্নাত, লন্ডনের অ্যাপার্টমেন্ট, আলিবাগের এস্টেটসহ শাহরুখ খানের স্থাবর সম্পত্তির মূল্য এখন প্রায় ১ হাজার ২২৭ কোটি রুপি বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।