দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন গোবিন্দ, একসঙ্গে দুই সিনেমার ঘোষণা

দীর্ঘদিন ধরেই বলিউডে গোবিন্দের প্রত্যাবর্তন নিয়ে নানা জল্পনা চলছিল। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় ফেরার ঘোষণা দিলেন নব্বই দশকের জনপ্রিয় এই অভিনেতা। একসঙ্গে দুটি নতুন সিনেমার নাম প্রকাশ করেছেন তিনি। ছবিগুলোর নাম ‘রূপা’ ও ‘দুনিয়াদারি’।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ছবির শিরোনাম পোস্টার প্রকাশ করেন গোবিন্দ। পোস্টারের সঙ্গে তিনি লেখেন, “এখন আমি প্রস্তুত”। সংক্ষিপ্ত এই বার্তাতেই নতুন উদ্যমে অভিনয়ে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দুটি ছবির মাধ্যমেই দীর্ঘ বিরতির পর দর্শকদের সামনে ফিরবেন গোবিন্দ। যদিও সিনেমাগুলোর গল্প, পরিচালক, সহশিল্পী কিংবা মুক্তির তারিখ সম্পর্কে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

গোবিন্দ একসময় বলিউডের সবচেয়ে জনপ্রিয় বাণিজ্যিক তারকাদের একজন ছিলেন। কমেডি, নাচ এবং অনবদ্য টাইমিংয়ের কারণে তিনি ‘হিরো নম্বর ওয়ান’ নামে পরিচিতি পান। ‘কুলি নম্বর ওয়ান’, ‘রাজা বাবু’, ‘সাজন চলে সসুরাল’, ‘দুলহে রাজা’, ‘হাসিনা মান জায়েগি’, ‘জোড়ি নম্বর ওয়ান’ এবং ‘পার্টনার’-এর মতো একের পর এক ব্যবসাসফল ছবিতে অভিনয় করে তিনি দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন।

তবে গত এক দশকের বেশি সময় ধরে বড় পর্দায় গোবিন্দকে খুব একটা দেখা যায়নি। মাঝেমধ্যে টেলিভিশন অনুষ্ঠান, রিয়েলিটি শো কিংবা ব্যক্তিগত উপস্থিতির মাধ্যমে আলোচনায় এলেও নতুন সিনেমায় তাঁর দেখা মেলেনি। সম্প্রতি ‘দুনিয়াদারি’ সিনেমার নাচের মহড়ার একটি ভিডিও প্রকাশ করে তিনি প্রত্যাবর্তনের আভাস দিয়েছিলেন। এবার আনুষ্ঠানিকভাবে দুটি ছবির ঘোষণা দিয়ে সেই জল্পনারই অবসান ঘটালেন।

দীর্ঘ বিরতির পর প্রিয় তারকাকে আবারও বড় পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন তাঁর ভক্তরা। এখন অপেক্ষা শুধু ‘রূপা’ ও ‘দুনিয়াদারি’র নির্মাণসংক্রান্ত আরও বিস্তারিত ঘোষণার।