‘ক্যারিয়ারের ১৪ বছরে কেউ খারাপ প্রস্তাব দেওয়ার সাহস পায়নি’—গুজবের জবাব শবনম ফারিয়ার

মিডিয়ায় কাজ করতে গিয়ে কখনও আপত্তিকর বা খারাপ প্রস্তাব পাননি বলে দাবি করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে নিজের ১৪ বছরের মিডিয়া-জীবন, ব্যক্তিগত সংগ্রাম এবং তাকে ঘিরে ছড়ানো গুজবের জবাব দিয়েছেন তিনি।

২০১২ সালে পড়াশোনার পাশাপাশি ফটোশুট ও বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়ায় কাজ শুরু করেন শবনম ফারিয়া। ২০১৩ সালে প্রথম টেলিফিল্মে অভিনয় করলেও পরিবারের নির্দেশে ব্যাচেলর ডিগ্রি শেষ না করা পর্যন্ত অভিনয় থেকে বিরত থাকতে হয় তাকে।

ফারিয়া জানান, ২০১৫ সালে স্নাতক সম্পন্ন করার পর ২০২০ সাল পর্যন্ত নিয়মিত অভিনয় করেছেন। এরপর করোনাভাইরাস মহামারি এবং একই বছরের নভেম্বরে তার বিবাহবিচ্ছেদ হয়। এ সময় পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম (পিসিওএস)-এর কারণে তার ওজন অনেক বেড়ে যায়। ক্যামেরার সামনে সেই অবস্থায় স্বাচ্ছন্দ্যবোধ না করায় প্রথমে কাজ কমিয়ে দেন, পরে পুরোপুরি বিরতি নিয়ে মাস্টার্স সম্পন্ন করেন। মাস্টার্স শেষ করে চাকরিতেও যোগ দেন।

নিজের ক্যারিয়ার প্রসঙ্গে তিনি লেখেন, “আমি অনেক বড় গলায় বলতে পারি, এই দীর্ঘ ১৪ বছরে কেউ কোনও দিন, সরাসরি কিংবা আকারে-ইঙ্গিতে, আমাকে কোনও খারাপ প্রস্তাব দেয়নি কিংবা দেওয়ার সাহস পায়নি। আমি বিশ্বাস করি, আমি কাকে আমার কাছে কতটুকু অ্যাক্সেস দেবো, আমার কাছে পৌঁছানোর, সে ঠিক ততটুকুই পৌঁছাতে পারবে।”

ফারিয়া আরও জানান, মিডিয়ার বেশিরভাগ মানুষই তাকে স্নেহ করেন। ২০১৯ সালে তার বিয়ে ইন্ডাস্ট্রিতে একটি উৎসবের মতো ছিল এবং সহকর্মীরা আনন্দের সঙ্গে সেই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।

নিজের ভাবমূর্তি নিয়ে তিনি লেখেন, “আমার মিডিয়াতে বদনাম ছিল আমি রাগী। এর বাইরে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, একটা মানুষও আমাকে নিয়ে এ ধরনের কোনও ঘটনার কথা বলবে না কিংবা বানিয়ে বললেও তার প্রমাণ দিতে পারবে না।”

কাজের ধরন ব্যাখ্যা করে এই অভিনেত্রী বলেন, তিনি সবসময় পরিচালকের শিল্পী (ডিরেক্টরস আর্টিস্ট) হিসেবে কাজ করেছেন। কোনও দিন কাজের বিষয়ে প্রযোজকের সঙ্গে সরাসরি যোগাযোগ করেননি। পরিচালকের প্রয়োজন হলে তারাই যোগাযোগ করেছেন।

স্ট্যাটাসে তিনি আরও দাবি করেন, বাংলাদেশে পরিচালক-প্রযোজকদের ব্যক্তিগত পার্টি নিয়ে যে ধারণা প্রচলিত রয়েছে, বাস্তবে তার সঙ্গে মিল নেই। তাদের অধিকাংশই কাজ নিয়েই এত ব্যস্ত থাকেন যে এসব আয়োজনের সুযোগ খুব কমই থাকে।

গুজব ছড়ানো ব্যক্তিদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়ে শবনম ফারিয়া লেখেন, তার বিরুদ্ধে কেউ মিথ্যা অভিযোগ তুললে তিনি স্ক্রিনশট বা কল রেকর্ড প্রকাশ করবেন এবং প্রয়োজনে আইনি ব্যবস্থাও নেবেন।

স্ট্যাটাসের শেষ অংশে অশালীন ভাষায় সমালোচকদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, তাকে নিয়ে ভিত্তিহীন গুজব ছড়ানোর আগে মিডিয়ায় কাজ করেন—এমন মানুষের কাছ থেকে তার সম্পর্কে জেনে নেওয়া উচিত।