ওটিটিতে আসছে শাকিব-সাবিলার ‘রকস্টার’

মেগাস্টার শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা অর্থাৎ ২৩ জুলাই থেকে চরকি অ্যাপ-এ সিনেমাটি দেখতে পারবেন দর্শকরা।

চরকি এক্সক্লুসিভ কনটেন্ট হিসেবে মুক্তি পাবে ‘রকস্টার’।

সিনেমাটি পরিচালনা করেছেন আজমান রুশো। অঞ্জন চৌধুরী পিন্টু নিবেদিত সিনেমাটির প্রযোজনায় রয়েছে সান মোশন পিকচার্স লিমিটেড।

সিনেমাটির ওটিটি মুক্তি প্রসঙ্গে পরিচালক আজমান রুশো বলেন, ‘সিনেমাটি প্রেক্ষাগৃহে ইতিমধ্যে অনেক দর্শক দেখেছেন। এবার ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে দেশ-বিদেশের দর্শকদের সিনেমাটি দেখার সুযোগ তৈরি হবে। চরকিতে মুক্তির মাধ্যমে সিনেমাটি আরও বেশি দর্শকের কাছে পৌঁছাবে—নির্মাতা হিসেবে এটাও আমার চাওয়া।’

ঈদুল আজহার অন্যতম আলোচিত সিনেমা ‘রকস্টার’। টিজার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব খানের বৈচিত্র্যময় লুক নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয় উন্মাদনা।

একজন সংগীতশিল্পী হিসেবে শাকিব খানের উপস্থিতিও ভক্ত-দর্শকদের মধ্যে তৈরি করে তুমুল আগ্রহ। প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির পর শাকিব খানের অভিনয়, বিভিন্ন দৃশ্য এবং আগুন-আসলামের বন্ধুত্বের গল্প দর্শকদের প্রশংসা কুড়ায়।

সিনেমায় মীরা চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর, সুপার মডেলের চরিত্রে তানজিয়া জামান মিথিলা, সুনিধি চরিত্রে সুনিধি নায়েক, কয়েদি সংগীতশিল্পীর চরিত্রে পান্থ কানাই, উস্তাদ জুনায়েদ চরিত্রে তারিক আনাম খান, আগুনের মা শবনম চরিত্রে রোজী সিদ্দিকী, আগুনের দাদি চরিত্রে দিলারা জামান এবং আগুনের সহকারী ও বন্ধু আসলাম চরিত্রে অভিনয় করেছেন কাজী সাবির।

চলচ্চিত্রটির গল্প ও নির্মাণশৈলী প্রসঙ্গে পরিচালক আজমান রুশো জানান, বাস্তব জীবনের রকস্টারদের অভিজ্ঞতা এবং নিজের সংগীতজীবনের স্মৃতির মিশেলে তিনি গল্পটি তৈরি করেছেন।

সিনেমায় শাকিব খানকে প্রথাগত অ্যাকশন হিরো বা গ্যাংস্টার লুকে নয়, বরং একজন সংগীতশিল্পীর জীবনসংগ্রাম, উত্থান-পতন ও বাস্তবতার মধ্য দিয়ে এগিয়ে যাওয়া এক চরিত্রে দেখা গেছে। এই চরিত্রের জন্য শাকিব খান নিজের ওজনও কমিয়েছিলেন।

নুসরাত মাটির চিত্রনাট্য এবং আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়ার সংলাপে নির্মিত সিনেমাটিতে রয়েছে বেশ কয়েকটি গান। সব কটি গানের কথা ও সুর করেছেন আহমেদ হাসান সানি, যিনি নিজেও গানগুলোতে কণ্ঠ দিয়েছেন। সংগীত পরিচালনায় রয়েছেন জাহিদ নিরব।