ভারতীয় সিনেমা থেকে কি ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিচ্ছে তরুণ প্রজন্ম? এমনই প্রশ্ন তুলেছেন অভিনেতা আর মাধবন। তাঁর মতে, নতুন প্রজন্মের তরুণেরা এখন হিন্দি বা তামিল সিনেমার চেয়ে কোরিয়ান কনটেন্ট ও জাপানি অ্যানিমের প্রতি বেশি আগ্রহী।
সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘জিডিএন’-এর প্রচারে গিয়ে এ বিষয়ে কথা বলেন মাধবন। নিজের ২০ বছর বয়সী ছেলে বেদান্তের প্রজন্মের প্রসঙ্গ টেনে তিনি জানান, বর্তমান তরুণদের একটি বড় অংশ ভারতীয় সিনেমার সঙ্গে আগের মতো সংযুক্ত নয়।
মাধবন বলেন, তাঁর ছেলের প্রজন্ম জাপানি অ্যানিমে ও কোরিয়ান কনটেন্ট দেখে বড় হচ্ছে। কিন্তু তামিল সিনেমা তো নয়ই, এমনকি হিন্দি বা ভারতীয় সিনেমা দেখতেও তারা প্রেক্ষাগৃহে যেতে আগ্রহী নয়।
অভিনেতার কথায়, “আমার একটা ভয় আছে, যেটা নিয়ে আমি ভাবতেও চাই না। এত দিন পর্যন্ত আমি নিশ্চিতভাবেই তার সম্মান অর্জন করেছি। কিন্তু এখন সে ২০ বছরের। আমার ছেলের প্রজন্মের তরুণদের দিকে তাকালে মনে হয়, তারা আমাদের সিনেমা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন।”
তিনি আরও বলেন, “তারা জাপানি অ্যানিমে দেখে, কোরিয়ান কনটেন্ট দেখে। কিন্তু আমাদের তামিল সিনেমা দেখতে চায় না। এমনকি হিন্দি বা ভারতীয় সিনেমা দেখতেও প্রেক্ষাগৃহে যাবে না।”
মাধবনের এই মন্তব্য নতুন প্রজন্মের দর্শকদের রুচির পরিবর্তন এবং ভারতীয় চলচ্চিত্রের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। তাঁর মতে, আন্তর্জাতিক কনটেন্টের সহজলভ্যতার কারণে তরুণ দর্শকদের বিনোদনের পছন্দে বড় পরিবর্তন এসেছে।
এদিকে, আর মাধবন বর্তমানে তাঁর নতুন সিনেমা ‘জিডিএন’-এর প্রচারে ব্যস্ত। ভারতীয় উদ্ভাবক ও শিল্পপতি গোপালস্বামী দোরাইস্বামী নাইডুর জীবন অবলম্বনে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন কৃষ্ণকুমার রামাকুমার।