প্রেম, রহস্য, বিপদ আর বন্ধুত্ব—ভিন্ন স্বাদের চার গল্প নিয়ে আগামী আগস্ট থেকে নাগরিক টিভির পর্দায় যুক্ত হচ্ছে নতুন চার ধারাবাহিক। ‘প্যারা+সিটামল ৫০০ এমজি’, ‘মুসিবত রিলোডেড’, ‘সন্দেহের অবকাশ’ ও ‘ওপেন কিচেন’—জনপ্রিয় তারকাদের অভিনয়ে নির্মিত এসব ধারাবাহিক দর্শকদের সামনে হাজির হবে ভিন্ন ভিন্ন গল্প ও চরিত্র নিয়ে। চারটি ধারাবাহিকই নির্মিত হয়েছে বঙ্গের ব্যানারে।
নাগরিক টিভি সূত্রে জানা গেছে, রবি, সোম ও মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচার হবে ‘সন্দেহের অবকাশ’। রিয়াদ মাহমুদের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত এই ধারাবাহিকে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, তাসনুভা তিশাসহ আরও অনেকে। একই সময়ে বুধবার ও বৃহস্পতিবার প্রচারিত হবে ইমেল হকের পরিচালনায় ‘মুসিবত রিলোডেড’। এতে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, তানিয়া বৃষ্টি, পাভেল, সারিকা সাবাহসহ একাধিক শিল্পী।
অন্যদিকে, রবি, সোম ও মঙ্গলবার রাত ৯টায় প্রচার হবে ‘প্যারা+সিটামল ৫০০ এমজি’। মনজুরুল হাসান মিলনের পরিচালনায় এতে অভিনয় করেছেন জোভান, চমক, তামিম মৃধা, নাবিলাসহ আরও অনেকে। একই সময়ে বুধবার ও বৃহস্পতিবার দেখা যাবে ইমরাউল রাফাতের পরিচালনায় ‘ওপেন কিচেন’। এতে অভিনয় করেছেন আরশ খান, স্পর্শিয়া, টয়া, শাওনসহ একঝাঁক তারকা।
চারটি ধারাবাহিকের গল্পই আলাদা স্বাদের। ‘প্যারা+সিটামল ৫০০ এমজি’-তে দেখা যাবে, নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে চলা রোশান একটি হাসপাতালে ইন্টার্ন হিসেবে যোগ দেয়। সেখানে তাকে হাসি-আনন্দ, বন্ধুত্ব, প্রেম, বিশ্বাসঘাতকতা ও নানা রোমাঞ্চকর ঘটনার মুখোমুখি হতে হয়।
‘মুসিবত রিলোডেড’-এর গল্প আবর্তিত হয়েছে মাসুম ও তার বস জসীমকে ঘিরে। অর্থের বিনিময়ে যেকোনো কাজ করতে রাজি থাকা এই দুজন নতুন একটি দায়িত্ব নেওয়ার পর একের পর এক বিপাকে জড়িয়ে পড়ে।
‘সন্দেহের অবকাশ’-এ সামিয়া ও ফারহান দম্পতির সম্পর্কে নেমে আসে সন্দেহের ছায়া। একে অপরের ওপর নজর রাখতে তারা আলাদাভাবে গোয়েন্দা নিয়োগ করে। সেই তদন্তে কী উঠে আসে, তা নিয়েই এগিয়ে যায় ধারাবাহিকটির গল্প।
অন্যদিকে, ‘ওপেন কিচেন’ তিন বন্ধুর গল্প। জীবনের সুখ-দুঃখ ভাগাভাগি করে তারা একসঙ্গে একটি ক্যাফে খোলার স্বপ্ন দেখে। তবে দলে নতুন দুই সদস্য যোগ দেওয়ার পর সামনে আসে তাদের গোপন উদ্দেশ্য। আর সেই গোপন রহস্যই গল্পে তৈরি করে নতুন মোড়।