ঢাকায় মিসির আলী হয়ে ফিরছেন, কলকাতায় ভিলেন—দুই বাংলায় সরব চঞ্চল

‘দেবী’ চলচ্চিত্রে মিসির আলী চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন চঞ্চল চৌধুরী। গুঞ্জন উঠেছে আবারও হুমায়ূন আহমেদের এই কালজয়ী চরিত্রে ফিরছেন তিনি। অন্যদিকে কলকাতায় ‘চালচিত্র ২’ সিরিজে ভিলেনের চরিত্রে দেখা যাবে তাঁকে। দুই বাংলার দুই ভিন্ন চরিত্রে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা। পাশাপাশি মুক্তির অপেক্ষায় রয়েছে কলকাতায় তাঁর অভিনীত ‘শেকড়’ ও ‘আজাদী’ সিনেমা।

দেশের সীমানা পেরিয়ে ভারতীয় বাংলা সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন চঞ্চল চৌধুরী। কলকাতায় এরই মধ্যে দুটি সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। এর মধ্যে একটি ব্রাত্য বসু পরিচালিত ‘শেকড়’। সাহিত্যনির্ভর এই সিনেমায় একজন বৃদ্ধের সন্তানের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল।

সিনেমাটির গল্প প্রসঙ্গে চঞ্চল বলেন, ‘শেকড় সিনেমায় একজন বৃদ্ধ এবং একজন বৃদ্ধা পাশাপাশি গ্রামে বসবাস করেন। যৌবনে তাদের মধ্যে প্রেম ছিল, কিন্তু বিয়ে হয়নি। মূলত দুই পরিবারের গল্প উঠে এসেছে এখানে। এটি একটি পারিবারিক গল্প। আমি বৃদ্ধের সন্তানের চরিত্রে অভিনয় করেছি।’

অন্যদিকে সুমন মুখোপাধ্যায় পরিচালিত ‘আজাদী’ নির্মিত হয়েছে দেশভাগের পটভূমিতে। এতে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল। তাঁর ভাষ্যে, ‘আজাদী সিনেমায় একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছি। এটি দেশভাগের গল্প, আবেগের গল্প। গল্পটি সবাইকে স্পর্শ করবে।’

দুটি সিনেমায় ভিন্ন চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে চঞ্চল বলেন, ‘দুটি সিনেমায় দুরকম চরিত্রে অভিনয় করেছি। চরিত্রগুলোর সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করেছি। আমার বিশ্বাস, দুটি ভালো সিনেমা আসছে।’

‘শেকড়’ চলতি বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে। আর ‘আজাদী’ মুক্তি পাবে আগামী বছর। এর আগে সিনেমাটি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাবে বলে জানিয়েছেন চঞ্চল।

এদিকে কলকাতায় নতুন সিরিজ ‘চালচিত্র ২’-এও যুক্ত হয়েছেন চঞ্চল। দুই বছর আগে বাংলাদেশের অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে নিয়ে পশ্চিমবঙ্গের নির্মাতা প্রতীম ডি গুপ্ত নির্মাণ করেছিলেন ‘চালচিত্র’। ছবিটি ব্যবসাসফল হওয়ার পর থেকেই এর দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা চলছিল। এবার সিনেমাটির প্রিক্যুয়েল হিসেবে সিরিজটি নির্মিত হচ্ছে।

সিরিয়াল কিলারকে ঘিরেই এগোবে ‘চালচিত্র ২’-এর গল্প। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘চালচিত্র’-এ সিরিয়াল কিলার ‘ভুবন’ চরিত্রে অভিনয় করেছিলেন ব্রাত্য বসু। নতুন সিরিজে সেই চরিত্রেই চঞ্চলকে দেখা যাবে কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে সিরিজটিতে অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই।

‘চালচিত্র ২’ নিয়ে চঞ্চল বলেন, ‘গল্প নিয়ে বিস্তারিত বলা যাবে না। এটার জন্য দর্শককে অপেক্ষা করতে হবে। আমি অভিনয় করছি, এটা চূড়ান্ত। কাজটা যখন দর্শক দেখবে, তখনই গল্প আর চরিত্রটা দেখুক।’

আগের মতো এবারও প্রধান তদন্তকারী কর্মকর্তার চরিত্রে থাকছেন টোটা রায়চৌধুরী। অভিনয়ে আরও আছেন শ্বেতা মিশ্র, বরুণ চন্দ প্রমুখ। ইতিমধ্যে সিরিজটির শুটিং শুরু হয়েছে। দু-এক দিনের মধ্যে চঞ্চলও শুটিংয়ে যোগ দেবেন। সবকিছু ঠিক থাকলে আসন্ন দুর্গাপূজায় ওটিটিতে মুক্তি পাবে সিরিজটি।

অন্যদিকে ঢাকায় হুমায়ূন আহমেদের কালজয়ী চরিত্র মিসির আলীকে নিয়ে নির্মিতব্য নতুন সিনেমায়ও অভিনয় করবেন চঞ্চল- এমন গুঞ্জন উঠেছে হাওয়ায়। এর আগে অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ সিনেমায় মিসির আলী চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছিলেন তিনি। এবার আবারও এই চরিত্রে ফিরছেন অভিনেতা।

জানা যায়, মিসির আলীকে নিয়ে নির্মিতব্য নতুন সিনেমাটির সঙ্গে যুক্ত আছেন ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’খ্যাত নির্মাতা তানিম নূর। তবে তিনি সিনেমাটি পরিচালনা করছেন না; অন্য একজন নির্মাতা পরিচালনার দায়িত্বে থাকছেন। হুমায়ূন আহমেদের পরিবারের সঙ্গে কপিরাইট নিয়ে আলোচনা শেষে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত জানতে তানিম নূরের মুঠোফোনে কল করা হলেও তাকে পাওয়া যায়নি। সিনেমাটিতে চঞ্চল চৌধুরীর পাশাপাশি আরও একঝাঁক তারকাশিল্পী থাকছেন।

সব মিলিয়ে ‘দেবী’র পর আবারও মিসির আলী হয়ে ফিরছেন চঞ্চল চৌধুরী। একই সময়ে কলকাতায় সিরিয়াল কিলারের চরিত্রে অভিনয় করছেন তিনি। দুই বাংলার দুই ভিন্ন চরিত্রে চঞ্চলের নতুন উপস্থিতি ঘিরে তাই দর্শকের আগ্রহও তৈরি হয়েছে।