বিশ্বসংগীতের কিংবদন্তি শিল্পী বব ডিলানের লাইভ কনসার্ট উপভোগ করেছেন বাংলাদেশের ব্যান্ড চিরকুটের ভোকাল ও সংগীতশিল্পী শারমিন সুলতানা সুমী। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ভিয়েনায় উলফ ট্র্যাপের ঘন অরণ্যে অনুষ্ঠিত বব ডিলানের কনসার্টে উপস্থিত হয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে সুমী লিখেছেন, “পথে বব ডিলানের সাথে দেখা! পৃথিবীর সর্বকালের অন্যতম সেরা সিঙ্গার-সংরাইটার তিনি। তাঁর দর্শন আর গানের ধুলো মেখে নেওয়ার পরম সৌভাগ্য হলো উওলফ ট্র্যাপের ঘন অরণ্যে।”
বব ডিলানের পরিবেশনার মুহূর্ত তুলে ধরে সুমী আরও লেখেন, “মাথায় হালকা চাঁদের আকাশ, বাতাসে বিনীত মৌনতা আর চিরচেনা পথের তাগিদে মনে তখন কত কত গল্পের একটাই প্রশ্ন—‘কতটা পথ পেরোলে তাঁকে পথিক বলা যায়!’”
কিংবদন্তি এই শিল্পীর মঞ্চ উপস্থিতি নিয়েও মুগ্ধতা প্রকাশ করেন তিনি। সুমীর ভাষ্য, “হুডি পরে, গ্র্যান্ড পিয়ানো বাজিয়ে (ছবিতে তাঁকে সব সময় গিটার হাতেই দেখা গেছে বেশি) গেয়ে গেলেন একের পর এক গান। কোনও জানা গান গাইলেন না। চেহারাটা পর্যন্ত কাউকে দেখতে দিলেন না। পঁচাশি বছর বয়সের কোনও ছাপ কণ্ঠে নেই।”
বব ডিলানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি লেখেন, “পৃথিবীকে সুন্দর করতে যারা নিজেরাই মহাকাশ হন; আলোর ছাপ রেখে চলেন অসীমের সুরে; তাঁদের আবার বয়স হয় নাকি! বেঁচে থাকেন গুরু, শত সহস্র জনমে, উজ্জীবনের স্রোতে!”
এর আগে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে আন্তর্জাতিক সংগীত অঙ্গনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী হন শারমিন সুলতানা সুমী। বিশ্বের অন্যতম বৃহৎ সংগীত প্রতিষ্ঠান ওয়ার্নার মিউজিক গ্রুপের আমন্ত্রণে নিউ ইয়র্কের ম্যানহাটনে প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক কার্যালয়ে বৈঠক করেন তিনি।
গত ২১ জুলাই ওয়ার্নার মিউজিক গ্রুপের ভাইস প্রেসিডেন্ট জশ সারুবিনের আমন্ত্রণে চিরকুটের পক্ষ থেকে ওই বৈঠকে অংশ নেন সুমী। প্রায় দুই ঘণ্টার সেই আড্ডায় চিরকুটের গান, আন্তর্জাতিক সম্ভাবনা ও ভবিষ্যৎ যৌথ কাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
ওয়ার্নারের প্রতিনিধিরা সুমীর উপস্থিতিতে চিরকুটের একাধিক গান শোনেন এবং ব্যান্ডটির স্বকীয় সংগীতধারার প্রশংসা করেন। তাঁদের মন্তব্য ছিল, “অল অব ইয়োর সংস আর ইউনিক, ইউ আর ভেরি ইউনিক!”
জশ সারুবিন যুক্তরাষ্ট্রের সংগীত অঙ্গনের অভিজ্ঞ এঅ্যান্ডআর (আর্টিস্টস অ্যান্ড রিপার্টোয়ার) নির্বাহী। দীর্ঘ ক্যারিয়ারে তিনি কলাম্বিয়া রেকর্ডস, অ্যারিস্তা রেকর্ডস, আইল্যান্ড ডেফ জ্যাম, ভার্জিন রেকর্ডসসহ বিশ্বের শীর্ষ সংগীত প্রতিষ্ঠানে কাজ করেছেন। তাঁর সঙ্গে লেডি গাগা, লিওনেল রিচি, কার্লোস স্যান্টানা, পিঙ্ক, এভরিল ল্যাভিনসহ বহু আন্তর্জাতিক শিল্পীর কাজের অভিজ্ঞতা রয়েছে।
ওয়ার্নারের সঙ্গে এই সম্ভাব্য সহযোগিতাকে চিরকুটের দীর্ঘদিনের সৃষ্টিশীল যাত্রার স্বীকৃতি হিসেবে দেখছেন সুমী। তিনি বলেন, “সারা পৃথিবীর কিংবদন্তি শিল্পীদের নিয়ে কাজ করা এমন মানুষেরা যখন আমন্ত্রণ জানান, তখন সেটি ভীষণ অনুপ্রেরণার এবং সম্মানের। ওই ঐতিহাসিক অফিসে ঢোকার পর অদ্ভুত এক অনুভূতি কাজ করছিল। বারবার মনে হচ্ছিল, সেই খুলনা থেকে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আজ আবার বিশ্বসংগীতের এক গুরুত্বপূর্ণ ঠিকানা ম্যানহাটনে দাঁড়িয়ে আছি।”
দুই দশকের বেশি সময় ধরে চিরকুট তাদের নিজস্ব গান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আসছে। ‘আহারে জীবন’, ‘মরে যাব’, ‘যাদুর শহর’, ‘দুনিয়া’, ‘কানামাছি’, ‘উধাও’, ‘দামীর’সহ নিজেদের মৌলিক গান যুক্তরাজ্য, নরওয়ে, সুইডেন, পর্তুগাল, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ভারত, শ্রীলঙ্কা ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পরিবেশনা করেছে ব্যান্ডটি।
বাংলাদেশের সংগীতকে বিশ্বমঞ্চে তুলে ধরার ধারাবাহিকতায় বব ডিলানের মতো কিংবদন্তির কনসার্ট দেখা এবং ওয়ার্নার মিউজিকের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের আগ্রহ—চিরকুটের জন্য নতুন এক অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।