মা হলেন তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী অনন্যা ইয়াসমিন অংকন। পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন এই গায়িকা।
রবিবার (২৬ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জুইশ হসপিটালে সন্তানের জন্ম দেন অংকন। পুত্রসন্তানের নাম রেখেছেন অনন্য জিৎ। নবজাতকের জন্য ভক্ত, শ্রোতা ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া ও আশীর্বাদও চেয়েছেন তিনি।
সন্তান জন্মের পর হাসপাতাল থেকে নবজাতককে কোলে নিয়ে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন অংকন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “জীবনের যত দুঃখ, যাতনা, না পাওয়া, ত্যাগ—সব কিছু তোমায় দেখে ভুলে গেলাম খোকা। তুমিই তো আমাদের এক ‘অনন্য জিৎ’।”
গায়িকার এই সুখবর প্রকাশের পর থেকেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানাচ্ছেন। সংগীত ও চলচ্চিত্র অঙ্গনের অনেক তারকাও অংকন ও তার নবজাতক সন্তানের জন্য শুভকামনা জানিয়েছেন।
প্রসঙ্গত, ২০২২ সালের ২৮ মে সংগীত পরিচালক ও গিটারিস্ট অভিজিৎ জিতুর সঙ্গে রেজিস্ট্রি বিয়ে হয় অনন্যা ইয়াসমিন অংকনের। পারিবারিকভাবেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরে ২০২৪ সালের এপ্রিলের প্রথম সপ্তাহে অংকনের রাজশাহীর গ্রামের বাড়িতে দুই পরিবারের সদস্য, নিকটাত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ছোট পরিসরে একটি আয়োজনের মাধ্যমে বিয়ের বিষয়টি সবাইকে জানান তারা।
লোকগান ও আধুনিক সংগীতের মিশেলে নিজস্ব পরিচয় তৈরি করা অংকন তরুণ প্রজন্মের শ্রোতাদের কাছে পরিচিত একটি নাম। ছোটবেলা থেকেই সংগীতচর্চার সঙ্গে যুক্ত এই শিল্পী বিভিন্ন মঞ্চ, টেলিভিশন অনুষ্ঠান ও সংগীত আয়োজনে নিয়মিত অংশ নিয়ে আসছেন।