ঢাকার মঞ্চে আসছে ব্রাজিলিয়ান লেখক পাওলো কোয়েলহোর সাড়া জাগানো উপন্যাস ‘দ্য আলকেমিস্ট’। আত্মোপলব্ধি, স্বপ্ন ও ভাগ্যের অন্বেষণে এক তরুণের আন্দালুসিয়া থেকে মিসরের পিরামিডের উদ্দেশে যাত্রার রূপকধর্মী গল্প এবার জীবন্ত হয়ে উঠবে মঞ্চে।
‘দ্য আলকেমিস্ট: সুবর্ণস্রষ্টা’ নামে নাটকটি মঞ্চে আনছে নাট্যদল ‘এক্টোম্যানিয়া’। নাট্যরূপ দিয়েছেন মাহফুজ ইসলাম মেঘ এবং নির্দেশনা দিচ্ছেন তালহা জুবায়ের। এটি এক্টোম্যানিয়ার চতুর্থ প্রযোজনা।
‘দ্য আলকেমিস্ট’ উপন্যাসের মূল দর্শন—মানুষ যখন মন থেকে কোনও কিছু চায়, তখন সেই স্বপ্ন পূরণের পথে পুরো বিশ্ব যেন তার পাশে এসে দাঁড়ায়। এই সর্বজনীন ভাবনা ও জীবনের নানা উপলব্ধিকে নাট্যমঞ্চে তুলে ধরার চেষ্টা করা হয়েছে নতুন এই প্রযোজনায়।
এক্টোম্যানিয়ার দলপ্রধান ও নির্দেশক তালহা জুবায়ের বলেন, বর্তমান সময়ে ক্যারিয়ারের ইঁদুরদৌড়ে মানুষ অনেক সময় নিজের স্বপ্ন ও জীবনের লক্ষ্য ভুলে যায়। ‘দ্য আলকেমিস্ট’ সেই স্বপ্ন ও আত্মঅন্বেষণের কথাই নতুন করে মনে করিয়ে দেয়।
তার ভাষ্য, জীবনের নির্দিষ্ট লক্ষ্য খুঁজে পাওয়া এবং সেই লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাওয়ার গল্পই এই প্রযোজনার অন্যতম উপজীব্য। নিজের ভেতরের তাগিদ ও স্বপ্নকে নতুন করে আবিষ্কারের পাশাপাশি দর্শকদের মধ্যে স্বপ্ন দেখার আকাঙ্ক্ষা জাগিয়ে তুলবে নাটকটি—এমনটাই আশা তার।
নির্দেশক জানান, শিগগিরই রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে। বর্তমানে নিয়মিত মহড়া চলছে।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শশাঙ্ক সাহা, কামরুজ্জামান তাপু, সায়েম সিজান, ফকির বিপ্লব, সায়রা আকতার, সালাউদ্দিন ইভান, ফাতেমা ইলমা, কামরুল তিহান, মাহবুবা মৌ, সানবি মীর, মারজুক হাসান, জয়ব্রত বিশ্বাস, মাহফুজ ইসলাম মেঘ, মইনুল বাপ্পী, বরিষ-ধরা, সাকিব শুভ, ঐশি রায়, দিবাকর জিতু, সাদ, রিহাদ ইসলাম, রাতুল আরিয়ান, সুলাইহা তারজিয়া, রুদ্র ও জনি।