ফটোশুটে দুই সাবেকের রসায়ন, আর ঝগড়া করবেন না দেব-শুভশ্রী

একসময় রুপালি পর্দার অন্যতম জনপ্রিয় রোমান্টিক জুটি ছিলেন দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সম্পর্ক ভেঙে গেলেও দুজনের বন্ধুত্ব ও পর্দার রসায়ন নিয়ে আগ্রহ এখনও রয়েছে ভক্তদের। এবার একসঙ্গে ফটোশুটে অংশ নিয়ে ফের আলোচনায় এলেন এই দুই তারকা।

সোমবার (১ সেপ্টেম্বর) আসন্ন ছবি ‘দেশু৭’ নিয়ে ফেসবুক লাইভে একসঙ্গে হাজির হয়েছিলেন দেব ও শুভশ্রী। দিনভর টলিপাড়ায় এ নিয়ে ছিল আলোচনা। এর মধ্যেই একটি বিশেষ ফটোশুটে ক্যামেরাবন্দি হন তারা।

ফটোশুটের ছবিতে দেব ও শুভশ্রীর ঘনিষ্ঠ মুহূর্ত ধরা পড়েছে। একটি ছবিতে শুভশ্রীকে পেছন থেকে জড়িয়ে থাকতে দেখা যায় দেবকে। দুজনের মুখে ছিল হাসি। নীল ও ধূসর শেডের আধুনিক ওয়েস্টার্ন পোশাকেও নজর কেড়েছেন তারা।

দুই সাবেকের এই ফটোশুটের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন শুভশ্রী নিজেই। ছবি প্রকাশের পর তাদের পুরোনো রসায়ন নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে।

এদিকে শুভশ্রীর সঙ্গে ‘দুই বাচ্চার মা’ বিতর্কের পর দেবের ভুল বোঝাবুঝি হয়েছিল। এরপর শুভশ্রীর নম্বর ফোন থেকে ডিলিট করে দেন দেব। ঝগড়া হলে পরস্পরের নম্বর ব্লক কিংবা ডিলিট করে দেওয়া তাদের পুরোনো অভ্যাস বলেও জানান তারা।

তবে সোমবারের ফেসবুক লাইভে দেব জানান, শুভশ্রীর সঙ্গে তার যোগাযোগ কখনও পুরোপুরি ছিন্ন হয়নি। এমনকি রাজ-শুভশ্রীর বিয়ের আগের দিনও শুভশ্রীর সঙ্গে তার কথা হয়েছিল।

এদিন একে অপরকে একটি প্রতিশ্রুতিও দিয়েছেন দেব ও শুভশ্রী। শুভশ্রী বলেন, ‘যাই হোক, আমরা ঠিক করেছি আর ঝগড়া করবো না। একে অপরের নাম্বারও ব্লক করবো না।’