''মাছরাঙা টেলিভিশনে ১৯ এপ্রিল থেকে সপ্তাহের প্রতি সোম ও মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে ‘নয় ছয়’। একই চ্যানেলে ১৮ এপ্রিল (আজ) প্রচার আমার পরিচালিত ধারাবাহিক নাটক ‘দোস্ত দুশমন’-এর শেষ পর্ব। একই সময়ে নতুন নাটকটি শুরু হতে যাচ্ছে।'' কথাটি বললেন পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
মঙ্গলবার থেকে মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘নয় ছয়’। পরিবারের গল্পের এ নাটকটির রচনা ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। পরিবারে হাসি-আনন্দ, সুখ-দুঃখসহ জীবনের নানান চিত্র নিয়েই কাহিনি এগিয়ে যাবে। এতে অভিনয় করছেন আমিরুল হক চৌধুরী, সাজু খাদেম, ইরফান সাজ্জাদ, আরফান আহমেদ, অ্যালেন শুভ্র, ফারহান আহমেদ জোভান, শাওন, ঈশিকা খান, তানজিকা, নাদিয়া নদী, তাসনুভা তিশা, মুকিত জাকারিয়া, নাবিলা ইসলাম, এলবিন, তন্দ্রা, রাজু প্রমুখ।
ধারাবাহিকটিতে ব্যবহার করা হয়েছে সূচনা সংগীত। কেউ চায় রঙে রঙে দু’চোখ ভরে যাক- এমন বাক্যে এর কথাগুলো লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনায় নাভেদ পারভেজ। আর এটি গেয়েছেন তাহসিন।
/এমআই/এম/