আড়ালে কেটেছে তার অনেক সময়। কাগজে-কলমে বছর চারেক তো হবেই। অধুনালুপ্ত ব্যান্ড আর্কের হিসাব কষলে বেড়ে যাবে আরও কয়েক বছর। তাই বলে ‘চোখের আড়াল মানে মনের আড়াল’- তেমনটা বলা যাবে না। আর্কের পঞ্চমকে এখনও শ্রোতারা মনে রেখেছেন, ঠিক ঠিক। তার গিটার ও গান- এখনও আক্ষেপ হয়ে আছড়ে পড়ে সংগীতাঙ্গনে।
পঞ্চম জানান, অনেক পরীক্ষা-নিরীক্ষা শেষে মাস তিনেক হলো এই ব্যান্ডটি প্রস্তুত করেছেন। চার সদস্যই মনে করেন- তারা একসঙ্গে অনেকটা পথ হাঁটতে পারবেন। কারণ চার জনেরই আছে ব্যান্ড নিয়ে চলার পথে হোঁচট খাওয়ার অভিজ্ঞতা। এরমধ্যে পঞ্চম এবং মুন তো আর্কের প্রাক্তন সদস্যই।
পঞ্চম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মুনের সঙ্গে আমার দীর্ঘ সময়ের সখ্যতা। সত্যি বলতে, আমি এতদিন আড়ালে থাকলেও মিউজিক নিয়েই ছিলাম। কম্পোজার হিসেবে কাজ করেছি। যদিও আমি ব্যান্ড বিষয়টিকে বরাবরই মিস করে আসছিলাম। খুঁজে পাচ্ছিলাম না একসঙ্গে মিউজিক করার মতো তিন-চারজন মানুষ। অতঃপর আমরা এক হলাম, মনে হলো আমরা পাশাপাশি দাঁড়াতে পারবো। নাম ঠিক করেই তিন মাস হলো জ্যামিং করছি নিয়মিত।’
তিনি আরও জানান, এ বছরই প্রকাশ পাবে ‘মুনজ’র প্রথম অ্যালবাম। চলছে সেই প্রস্তুতিও। তার আগে এখন ব্যান্ডের পারফর্মেন্সে থাকবে পঞ্চম ও মুনের তৈরি পুরনো গানগুলোই।
প্রসঙ্গত, ‘আর্ক’ ছাড়ার পর ২০০১ সালে পঞ্চম গড়ে তোলেন ‘এজেস’ নামের একটি ব্যান্ড। এক বছরের মাথায় ‘প্রতিজ্ঞা’ নামের একটি অ্যালবামও বের হয়। দুই বছরের মাথায় সেটি ভেঙে যায়।
/এমএম/