‘যাপিত জীবন’ দেখে হাসলেন-কাঁদলেন রুমিন ফারহানা

দেশের ২০টি প্রেক্ষাগৃহে শুক্রবার (২০ নভেম্বর) থেকে দেখা যাবে আশনা হাবিব ভাবনা অভিনীত ‘যাপিত জীবন’ সিনেমাটি। প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেনের আলোচিত উপন্যাস ‘যাপিত জীবন’ অবলম্বনে একই নামে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন হাবিবুল ইসলাম হাবিব।

সরকারি অনুদানে নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের সিনেমাটিতে দেশভাগ ও ভাষা আন্দোলনসহ ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ অধ্যায় উঠে এসেছে।

সিনেমাটি মুক্তি উপলক্ষে ১৮ নভেম্বর বিকালে ঢাকা বিমানবন্দর সংলগ্ন সেন্টার পয়েন্ট স্টার সিনেপ্লেক্সে প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। এখানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য রুমিন ফারহানা। এ সময় সিনেমাটির প্রশংসা করেন তিনি।

প্রিমিয়ারে সিনেমাটি দেখে নিজের অনুভূতি জানিয়ে রুমিন ফারহানা বলেন, ‘সিনেমা দেখে আমি কখনও হেসেছি, কখনও কেঁদেছি। আমার কাছে অপূর্ব সিনেমা মনে হয়েছে।’

নিজের ইতিহাস জানার আগ্রহের কথা জানিয়ে তিনি বলেন, ‘আমার জন্ম ১৯৮১ সালে। আমার পূর্বের ইতিহাস জানার জন্য বিভিন্ন বই পড়ি। মানুষের কাছে ইতিহাস জানানোর সবচেয়ে বড় মাধ্যম সিনেমা। আমি চাই, এই ধরনের সিনেমায় ইতিহাস ও সত্য উঠে আসুক।’

রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও সিনেমার প্রতি নিজের ভালোবাসার কথা উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, ‘রাজনীতির মানুষ হলেও আমি সিনেমা ভালোবাসি। বনলতা এক্সপ্রেসের জন্য আমি রাস্তায় নেমেছি। সবসময় আমি ভালো সিনেমার পক্ষে।’

এ সিনেমাতে কেন্দ্রীয় চরিত্রে আরও অভিনয় করেছেন আফজাল হোসেন, রওনক হাসান, মৌসুমি হামিদ, ইমতিয়াজ বর্ষণ প্রমুখ।