বিশ্বসুন্দরীর মুকুট নিলেন মাথায়, কে এই জেনিফার

বিশ্বসুন্দরীর মুকুট মাথায় উঠলো স্বাগতিক পুয়ের্তো রিকোর ২৭ বছর বয়সি মনোবিজ্ঞানী ও সমাজকর্মী জেনিফার বারেত্তোর। মিস ইউনিভার্সের ৭৫তম আসরে সেরার মুকুট জিতে নতুন ইতিহাস গড়েছেন তিনি।

বাংলাদেশ সময় বুধবার (২৫ নভেম্বর) সকালে সান জুয়ানের কোলিসিও হোসে মিগুয়েল অ্যাগ্রেলটে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে মেক্সিকোর বিদায়ী মিস ইউনিভার্স ফাতিমা বশ তাকে মুকুট পরিয়ে দেন।

জেনিফার

এই জয়ে প্রতিযোগিতার ইতিহাসে প্রথম মা হিসেবে বিশ্বসেরার খেতাব পেলেন জেনিফার। ২০২৩ সাল থেকে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিবাহিত নারী ও মায়েদের অংশগ্রহণের সুযোগ চালু হয়। এর আগে দীর্ঘদিন এই প্রতিযোগিতায় অংশ নিতে হলে অবিবাহিত হতে হতো। সন্তান থাকা নারীদের জন্যও ছিল নিষেধাজ্ঞা।

নিয়ম পরিবর্তনের তিন বছর পর এবার প্রথমবারের মতো কোনও বিবাহিত নারী ও মা হিসেবে মূল মুকুট জিতলেন জেনিফার

কিন্তু কে এই জেনিফার বারেত্তো? সুন্দরী প্রতিযোগিতার চেনা গণ্ডির বাইরে থেকে আসা এই নারীর জীবন ও পথচলায় রয়েছে অনুপ্রেরণামূলক নানা চমক।

পরিবার ও মাতৃত্বের গল্প

মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট জেতা জেনিফার বারেত্তো একজন বিবাহিত নারী এবং তার সাত বছর বয়সি মেয়ে রয়েছে, যার নাম পেনেলোপে। তিনি যখন জাতীয় পর্যায়ের  শিরোপা জেতেন তখনও সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তার স্বামী জিন কার্লোস বারেত্তো ও মেয়ে পেনেলোপে তার পাশেই ছিলেন।

জেনিফার প্রমাণ করতে চান যে মাতৃত্ব ব্যক্তিগত বা পেশাগত লক্ষ্যের পথে কোনও বাধা নয়।

মডেলিংয়ের অভিজ্ঞতা ছাড়াই বিশ্বমঞ্চে

সুন্দরী প্রতিযোগিতায় আগে কখনও অংশ নেননি জেনিফার। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমবার রানওয়েতে হাঁটেন তিনি—জাতীয় মুকুট জেতার মাত্র চার মাস আগে। ‘ওলা’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, সান সেবাস্তিয়ানের প্রতিনিধিত্ব করে কাগুয়াসের সেন্ট্রো দে বেলাস আর্টসে মিস ইউনিভার্স পুয়ের্তো রিকো জেতেন।

হঠাৎ এই প্রতিযোগিতায় আসার কারণ হিসেবে পুয়ের্তো রিকোর ন্যাশনাল ফাউন্ডেশন ফর পপুলার কালচারকে তিনি জানান, নতুন একটি অভিজ্ঞতা নিতেই মূলত অংশ নিয়েছিলেন।

নিজের সম্পর্কে জেনিফার বলেন, তিনি এমন একজন মানুষ যিনি নতুন কিছু চেষ্টা করতে ভালোবাসেন এবং একটি উত্তরাধিকার তৈরি করতে চান।

এর আগে জাতীয় পর্যায়ে জয়ের পর ‘এল ভোসেরো’-কে তিনি বলেছিলেন, ‘মিস ইউনিভার্স পুয়ের্তো রিকো শুরু করার সময় যে নারী ছিলাম, এখন আর আমি সেই নারী নই।’ চলতি বছর আয়োজক দেশ হওয়ায় জাতীয় বিজয়ী হিসেবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রতিযোগীদের স্বাগত জানানোর দায়িত্বও পালন করেছেন সামাজিক মাধ্যমে ‘লা বারেত্তো’ নামে পরিচিত এই তরুণী।

জেনিফার

স্বেচ্ছাসেবা ও শিকড়ের টান

সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার বাইরেও নিজের শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত দক্ষতার পরিচয় দিয়েছেন জেনিফার। মনোবিজ্ঞানে স্নাতক এবং মনোবিজ্ঞান ও সমাজকর্মে দুটি স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে তার। বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সেনাবাহিনী শাখায় প্রিভেনশন স্পেশালিস্ট হিসেবে কাজ করেন তিনি।

২০২১ সাল থেকে সামরিক বাহিনীর সদস্যদের পরিবারের সঙ্গে কাজ করছেন জেনিফার। পারিবারিক সহিংসতা ও শিশু নির্যাতনের শিকার ব্যক্তিদের সহায়তা দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে তার। ক্ষতিকর আচরণ প্রতিরোধ, সচেতনতা তৈরি এবং মানুষের জন্য সুস্থ ও নিরাপদ পরিবেশ গড়ে তোলাই তার কাজের অন্যতম লক্ষ্য।

পেশাগত দায়িত্বের বাইরেও সমাজের মানুষের পাশে দাঁড়ান জেনিফার। পুয়ের্তো রিকোর পেডিয়াট্রিক ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের স্বেচ্ছাসেবী হিসেবে শিশুদের ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা তৈরিতে কাজ করেন। পাশাপাশি এ রোগে আক্রান্ত শিশু ও তাদের পরিবারকে সহায়তা করেন তিনি।

মিস ইউনিভার্স ২০২৬-এ জেনিফারের এই জয়ে পুয়ের্তো রিকোর আগের পাঁচ বিশ্বজয়ী—মারিসল মালারেট (১৯৭০), ডেবোরাহ কার্থি-দেউ (১৯৮৫), দায়ানারা টরেস (১৯৯৩), ডেনিস কুইন্যান্স (২০০১) এবং জুলিয়েকা রিভেরা (২০০৬)-এর পাশে যুক্ত হলো আরেকটি গৌরবময় নাম।