অন্যের দখলে মাহির ভেরিফায়েড ফেসবুক পেজ! (ভিডিও)

নিজের ফেসবুক ফ্যান-পেজ নিয়ে ভালোই বিপাকে পড়েছেন ঢালিউডের অগ্নি-কন্যা মাহি। বছর দুই আগে ভেরিফায়েড হওয়া এই পেজ-এ এখন প্রায় আট লাখ ফ্যান-ফলোয়ারের যাতায়াত। অথচ সেই পেজ-এ তার নিজেরই অংশ নেওয়ার সুযোগ নেই!

মাহির ভেরিফায়েড ফেসবুক পেজ।মাহির অভিযোগ, গত এক বছর ধরে তিনি আর এই পেজ-এর এডমিনে নেই। তার কথায় এটুকু স্পষ্ট, এডমিন প্যানেল থেকে তাকে ফেলে দেওয়া হয়েছে!

ফলে গেল এক বছর ধরেই নিজের ফেসবুক পেজটি অপারেট করতে পারছেন না মাহি! ঠিকমতো নজরদারিও করতে পারছেন না তার পেজ-এ কী হচ্ছে না হচ্ছে। ইদানীং ভক্তদের কাছ থেকেও নানান অভিযোগ পাচ্ছেন বলে জানান তিনি।

তার অভিযোগ, ওই পেজ-এ মাহিকে নিয়ে প্রয়োজনীয় কোনও পোস্ট থাকে না ইদানিং। এমনকি সম্প্রতি মুক্তি পাওয়া ‘অনেক দামে কেনা’ কিংবা ‘মেরিল-প্রথম আলো অ্যাওয়ার্ড’-এ নমিনেশন পাওয়া প্রসঙ্গেও তেমন কোনও প্রচার-প্রচারণা চালানো হয়নি সেখানে।

এমন পরিস্থিতিতে সম্প্রতি ক্ষোভে ফেটে পড়েছেন মাহি। নিজের ক্ষোভ এবং অসহায়ত্ব প্রকাশ করে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন ব্যাক্তিগত নন-ভেরিফায়েড ফেসবুক দেওয়ালে। সেখানে তিনি তার ভক্তদের উদ্দেশে বলেন, ‘এখন কে বা কারা আমার পেজটি চালাচ্ছে, জানি না। ফেসবুকের নিয়ম-কানুন খুব একটা বুঝিও না। যারা চালাচ্ছেন তাদের কাছে অনুরোধ, পেজটি বন্ধ করে দিন।’

ছবি: সাজ্জাদ হোসেন।মাহি আরও বলেন, ‘কেউ যদি জানেন কেমন করে আমি আমার পেজ-এর এডমিনশিপ ফিরে পেতে পারি অথবা এটি বন্ধ করতে পারি- তবে অবশ্যই আমাকে সাহায্য করবেন। সঙ্গে এটাও বলে রাখি এখন ওই পেজে যা হচ্ছে- সেগুলোর সঙ্গে আমার কোনও সম্পৃক্ততা নেই।’
খবর মিলেছে প্রথমদিকে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার অনলাইন মার্কেটিংয়ের শুভ ঘোষ, ভিডিও এডিটর সুজনসহ আরও কয়েকজনের সঙ্গে পেজটির এডমিন প্যানেলে ছিলেন মাহিয়া মাহি। যদিও এই নামগুলো সরাসরি উল্লেখ করছেন না তিনি। তবে জানা গেছে, এই দুজনও এখন আর ওই পেজ-এর অ্যাডমিন প্যানেলে নেই।
অনেকেই ফিসফাসফিস করছেন, এই সমস্যার একমাত্র চাবিকাঠি জাজ মাল্টিমিডিয়ার প্রধান আব্দুল আজিজের হাতেই আছে। তিনি চাইলেই মাহি ফিরে পাবেন তার পেজ চালানোর অধিকার। না চাইলে, নয়।

মাহির ভিডিও বার্তা:

/এমএম/