এই তারকার জুটির ঘনিষ্ঠ একটি সূত্র ফিল্মফেয়ারকে জানিয়েছে, রণবীর ও দীপিকা উভয়ে বিয়ের জন্য ইতালিকে পছন্দ করেছেন। চিরকাল একসঙ্গে থাকার প্রতিজ্ঞা করার ভেন্যু হিসেবে তারা বেছে নিচ্ছেন লেক কোমোকে। সেখানে দারুণ কিছু বাগানবাড়ি ও সমুদ্র সৈকত রয়েছে।
গুঞ্জন রয়েছে, এ বছরের ১০ নভেম্বর রণবীর-দীপিকার চার হাত এক করে দেবে তাদের পরিবার। ২০১৮ সালে এটাই হতে যাচ্ছে বলিউডের সবচেয়ে আলোচিত বিয়ে। এখন দুই পরিবারে এখন জোর প্রস্তুতি চলছে।
গত মাসে শোনা গেছে, রণবীর ও দীপিকা সাদামাটাভাবে মুম্বাইয়ে বিয়ের কাজ সেরে নেবেন। এরপর দীপিকার জন্মস্থান বেঙ্গালুরুতে হবে বিবাহোত্তর সংবর্ধনা।
দীপিকার হাতে এখন কোনও ছবি না থাকলেও রণবীর বেশ ব্যস্ত। তিনি এখন অভিনয় করছেন রোহিত শেঠির ‘সিম্বা’, কবির খানের ‘এইটি থ্রি’ ও জোয়া আখতারের ‘গুল্লি বয়’ ছবিতে।
২০১৩ সাল থেকে প্রেম করছেন রণবীর ও দীপিকা। যদিও দু’জনের কেউই এখনও তা মুখ ফুটে বলেননি। তারা একসঙ্গে অভিনয় করেছেন ‘গোলিও কা রাসলীলা রাম-লীলা’, ‘বাজিরাও মাস্তানি’ ও ‘পদ্মাবত’ ছবিতে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি