না ফেরার দেশে ‘ডন’ খ্যাত নির্মাতা চন্দ্র বারোট

মারা গেছেন ‘ডন’ সিনেমার খ্যাতিমান নির্মাতা চন্দ্র বারোট। রবিবার (২০ জুলাই) ৮৬ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। নির্মাতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার স্ত্রী দীপা বারোট।

দীপা জানান, গত সাত বছর ধরে পালমোনারি ফাইব্রোসিসের সাথে লড়াই করছিলেন চন্দ্র। তিনি আরও জানান যে, চন্দ্র বারোট গুরু নানক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং এর আগে তাকে জসলোক হাসপাতালেও ভর্তি করা হয়েছিল।

বলা প্রয়োজন, ১৯৭৮ সালে অমিতাভ বচ্চনকে নিয়ে ক্লাসিক ‘ডন’ নির্মাণ করেন চন্দ্র বারোট। এই সিনেমার জন্যই তিনি বলিউডে সবচেয়ে বেশি আলোচিত হন নির্মাতা হিসেবে। এমনকি, এরপর থেকে অমিতাভকে ‘ডন’ নামেই সম্বোধন করা শুরু করেন তার ভক্তরা। ‘ডন’ সিনেমার সেটে অমিতাভ বচ্চন ও চন্দ্র বারোটএরপর ‘ডন’ সিনেমার দ্বিতীয় কিস্তি নির্মাণ করেন ফারহান আখতার। সেখানে শাহরুখ খানকে দেখা যায় ডনের চরিত্রে।

ফারহান এবার নির্মাণ করছেন ‘ডন’র তৃতীয় কিস্তি। চন্দ্র বারোটের মৃত্যুতে তাকে শ্রদ্ধা জানিয়ে ফারহান তার পরবর্তী ‘ডন’ উৎসর্গ করেছেন এই নির্মাতার নামে।

ইনস্টাগ্রাম পোস্টে ফারহান লিখেছেন, “ওজি (অরিজিনাল) ‘ডন’-এর পরিচালক আর নেই। আমি অত্যন্ত দুঃখিত। চন্দ্র বারোটজিকে শোকসন্তপ্ত আত্মার শান্তি কামনা করছি। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা।”

‘ডন’-এর পর বারোট বাংলা সিনেমা ‘আশ্রিতা’ এবং হিন্দি সিনেমা ‘প্যার ভারা দিল’ পরিচালনা করেন। তবে, ‘বস’, ‘নীল কো পাকাদনা’, ‘ইম্পসিবল’ সহ তার আরও বেশ কয়েকটি সিনেমা অসম্পূর্ণ রয়ে গেছে।

উল্লেখ্য, ফারহান আখতার নির্মিত ‘ডন ৩’ সিনেমার কাজ চলছে। এখানে ডনের চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং। তার বিপরীতে রয়েছেন কৃতি শ্যানন।

সূত্র: এনডিটিভি