‘স্পিরিট’ সিনেমাকে ঘিরে শুরু থেকেই বিতর্কের কেন্দ্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন ও সন্দীপ রেড্ডি ভাঙ্গা। সিনেমাটি থেকে দীপিকার সরে যাওয়া নিয়ে পুরোনো বিতর্ক আবারও সামনে এসেছে।
এবার সন্দীপ রেড্ডি ভাঙ্গার ভাই প্রণয় রেড্ডি ভাঙ্গা দীপিকার বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ তুরেছেন।
প্রণয়ের দাবি, দীপিকার সঙ্গে পারিশ্রমিক ও আট ঘণ্টা সময়ের বাইরে সিনেমার মুনাফা ভাগাভাগি নিয়েও মতবিরোধ তৈরি হয়েছিল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রণয় রেড্ডি ভাঙ্গা ‘স্পিরিট’ থেকে দীপিকার সরে যাওয়ার কারণ নিয়ে কথা বলেন। তার দাবি, ‘পারিশ্রমিক, কাজের সময় এবং প্রকল্পের অন্যান্য বিষয় নিয়ে আলোচনার পরই অভিনেত্রীকে নিয়ে আর এগিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।’
প্রণয়ের দাবি, দীপিকা শুধু বেশি পারিশ্রমিক নয়, সিনেমার মুনাফার একটি অংশও চেয়েছিলেন।
তিনি বলেন, ‘দীপিকা সিনেমার মুনাফার ১০ শতাংশ চেয়েছিলেন। এরপর সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দেখুন, তিনি যেকোনও কিছু চাইতে পারেন। আমরা দিতে রাজি থাকলে দিতে পারি। কিন্তু সিনেমার বাজেট ও অর্থনৈতিক হিসাবও আমাদের জন্য ঠিকঠাক হতে হবে। আমাদের মনে হয়েছে, সেটি সম্ভব হচ্ছিল না। এ কারণেই আমরা অন্য বিকল্পের কথা ভাবি। আর আমরা অন্য বিকল্প খোঁজা শুরু করতেই তিনি সবকিছু ফাঁস করতে শুরু করেন।’
প্রণয় আরও বলেন, ‘এক বছরেরও বেশি সময় ধরে দীপিকার সঙ্গে সিনেমার গল্প ও তার চরিত্র নিয়ে আলোচনা করেছিল টিম। তাদের দাবি, ওই আলোচনার কিছু তথ্য পরবর্তী সময়ে প্রকাশ্যে চলে আসে। বিষয়টি নিয়ে তারা অসন্তুষ্ট হন।
তিনি বলেন, ‘আমরা তার সঙ্গে গল্প ও চরিত্র নিয়ে আলোচনা করেছিলাম। অভ্যন্তরীণভাবে যেসব বিষয় নিয়ে আলোচনা হয়, সেগুলো প্রকাশ করা উচিত নয়। কিন্তু তিনি সেগুলো ফাঁস করেছেন। এ কারণেই আমরা অস্বস্তিতে পড়েছি।’
সাক্ষাৎকারে প্রণয় স্পষ্ট করেছেন, তার বক্তব্য অনুযায়ী, বিরোধের কারণ শুধু অতিরিক্ত ৫–৬ কোটি রুপি পারিশ্রমিক ছিল না।
দীপিকা সিনেমা থেকে সরে যাওয়ার পর তার জায়গায় তৃপ্তি দিমরিকে নেওয়ার ঘোষণা দেওয়া হয়। এরপর বিতর্ক আরও বাড়ে।
একটি প্রতিবেদনে বলা হয়, প্রভাস অভিনীত সিনেমাটিতে ‘এ-রেটেড অ্যাকশন’-এর মতো একটি বিষয় থাকবে।
এরপর সিনেমার গল্প ফাঁস হওয়ার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ ক্ষোভ প্রকাশ করেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা।
প্রভাস ও তৃপ্তি দিমরি অভিনীত ‘স্পিরিট’ সিনেমাটি ২০২৭ সালের মার্চে মুক্তি পাওয়ার কথা রয়েছে।