স্বজনপ্রীতি ও নোংরা রাজনীতির অভিযোগ, বলিউড ছাড়ার ঘোষণা আমাল মালিকের 

বলিউডের বিষাক্ত গোষ্ঠী রাজনীতি, স্বজনপ্রীতি এবং উদ্দেশ্যপ্রণোদিত নেতিবাচক প্রচারণার শিকার হওয়ার তীব্র অভিযোগ তুলে হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রি ছাড়ার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় ভারতীয় সুরকার ও গায়ক আমাল মালিক। আগামী ২০২৭ সাল পর্যন্ত নতুন কোনও বলউড সিনেমার গানে কাজ না করার পাশাপাশি সাময়িক বিরতি (ব্রেক) নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

চলচ্চিত্র শিল্পে প্রভাবশালীদের ক্ষমতার অপব্যবহারের কারণে অন্তত পাঁচ ডজন (৬০টি) কাজ থেকে তাকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে বলেও বিস্ফোরক অভিযোগ এনেছেন এই শিল্পী। 

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক দীর্ঘ ও আবেগঘন বার্তায় নিজের এই সিদ্ধান্তের কথা ভক্তদের জানান আমাল। তিনি লেখেন, “আমি সম্পূর্ণ ভালো আছি এবং এবার নিজের জন্য যা সবচেয়ে ভালো, সেটাই করবো। আমার মন, শরীর ও আত্মার সুস্থতার জন্য একটি মানসিক বিরতি প্রয়োজন। আবার নতুন উদ্যমে ঘুরে দাঁড়াতে এবং শ্রোতাদের জন্য নতুন সুর নিয়ে ফিরতেই এই বিরতি।”

আমাল স্পষ্ট করেন, নতুন ছবির কাজে যুক্ত না হলেও পূর্বে রেকর্ড করা তার কয়েকটি গান ভবিষ্যতে মুক্তি পেতে পারে। তবে ছোট বাজেটের ছবিগুলো পেক্ষাগৃহে জায়গা পেতে জটিলতায় পড়ায় সেগুলোর মুক্তি নিয়েও অনিশ্চয়তা রয়ে গেছে। 

একই সঙ্গে এই মুহূর্তে নতুন কোনও কাজের জন্য তাকে চাপ না দিতে ভক্তদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি লেখেন, “দয়া করে আমাকে আর বিরক্ত করবেন না। পরিস্থিতি অনুযায়ী নিজেই সব জানাবো। সংগীত থেকে সিনেমায় এসেছিলাম, এবার আবার মূল সংগীতের পথেই ফিরছি। আপাতত বিদায়, আমি আবার ফিরে আসবো।”

খোঁজ নিয়ে জানা যায়, গত কয়েক মাস ধরেই বলিউডের প্রভাবশালী মহলের বিরুদ্ধে সোচ্চার ছিলেন আমাল। বিশেষ করে সম্প্রতি ‘আওয়ারাপান ২’ ছবির ‘ইয়ে আওয়ারাপান’ গানটির বিরুদ্ধে অর্থ ঢেলে পরিকল্পিতভাবে নেতিবাচক প্রচারণা চালানোর পর মানসিকভাবে চরম বিপর্যস্ত হয়ে পড়েন তিনি। বারবার ভালো কাজ থেকে বাদ পড়া এবং গোষ্ঠী রাজনীতির কারণেই এমন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে আভাস দিয়েছেন এই সুরকার।

উল্লেখ্য, ২০১৪ সালে ‘জয় হো’ সিনেমার মাধ্যমে সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন আমাল মালিক। পরবর্তী সময়ে ‘সুরজ ডুবা হ্যায়’, ‘এয়ারলিফ্ট’, ‘কাপুর অ্যান্ড সন্স’, ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ এবং ‘কবীর সিং’-এর মতো অসংখ্য সুপারহিট চলচ্চিত্রে সংগীত পরিচালনা করে দর্শক ও সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়ান তিনি।