‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমায় শাড়ি, গহনা এবং মেকআপ পরে নারীদের ঐতিহ্যবাহী সাজে পর্দায় হাজির হওয়াকে ক্যারিয়ারের সবচেয়ে সাহসী কাজ হিসেবে অভিহিত করেছেন আল্লু অর্জুন। নিজের চিরচেনা পুরুষালি বা ‘ম্যাচো’ ইমেজ ভেঙে এই রূপ ধারণ করা একজন পুরুষ তারকা হিসেবে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত ছিল বলেও জানান।
ফোর্বস ইন্ডিয়ার ‘শোস্টপার্স ২০২৬’ এর এক সাক্ষাৎকারে অভিনেতা নারীর বেশের সেই চরিত্রটি নিয়ে কথা বলেন।
আল্লু অর্জুন আরও জানান, পরিচালক সুকুমার যখন প্রথম তাকে এই লুকটির ধারণা দেন, তখন তিনি কিছুটা ভয় পেয়েছিলেন। তবে তিনি প্রচলিত গণ্ডি পেরিয়ে একজন অভিনেতা হিসেবে এই সৃজনশীল ঝুঁকিটি নেওয়ার সিদ্ধান্ত নেন।
তবে অভিনেতার প্রধান লক্ষ্য ছিল শাড়ি বা নারীর পোশাকে থাকলেও চরিত্রের মূল ‘পুরুষালি দাপট’ বা ‘আলফা-নেস’ যেন হারিয়ে না যায়।
এর আগে দ্য হলিউড রিপোর্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, শুরুতে তিনি এই চরিত্র নিয়ে ভীত ছিলেন। তবে পরে তার মনে হয়, সিনেমাটির অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠবে এই দৃশ্য।
আল্লু অর্জুনকে পরবর্তী সময়ে দেখা যাবে পরিচালক অ্যাটলির রাকা সিনেমায়। এটি একটি সায়েন্স ফিকশনধর্মী সিনেমা। সান পিকচার্সের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন কালানিথি মারান। এতে আরও আছেন দীপিকা পাড়ুকোন। ২০২৭ সালের ডিসেম্বরে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।