আবারও ‘বিগ বস’-এর সঞ্চালকের ভূমিকায় ফিরছেন সালমান খান। ৬ সেপ্টেম্বর কালার্স টিভিতে প্রিমিয়ার হবে ‘বিগ বস ২০’। একই সঙ্গে জিওহটস্টারেও প্রচার হবে এই রিয়্যালিটি শো। সম্প্রতি বিগ বসের শুটিং সেটে দেখা গেল বলিউড ‘ভাইজানকে’।
এ দিন একেবারে ভিন্নধারার কাউবয় লুকে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন অভিনেতা। তবে ছবি তোলার সময় ফটোগ্রাফাররা নির্দিষ্ট দূরত্ব বজায় না রাখায় বিরক্ত হন তিনি
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ‘বিগ বস’-এর মঞ্চের সামনে দাঁড়িয়ে পাপারাজ্জিদের জন্য পোজ দিচ্ছেন সালমান। সেই সময়ই তাদের মঞ্চ থেকে কিছুটা দূরে থাকতে নির্দেশ দেন তিনি। সালমানকে বলতে শোনা যায়, ‘এটা আমার কাজ নয়। ক্যামেরার সামনে আসার কোনও প্রয়োজন আমার নেই।’
ভিডিওর শেষে আরও ছবি তোলার অনুরোধ করলে বিরক্তির সুরে তিনি বলেন, ‘ফোটোজ… ফোটোজ… ফোটোজ।’
এ দিন সালমানের পোশাকেও ছিল বিশেষ চমক। গাঢ় বাদামি রঙের লেদারের কাউবয় হ্যাট, তাতে রুপোলি স্টিয়ার বাকল এবং হাতে তার ট্রেডমার্ক ফিরোজা রঙের ব্রেসলেট। সঙ্গে নেভি টি-শার্ট, অলিভ-গ্রিন ভেস্ট, ডেনিম ও রুপোলি ডিটেলিংয়ের বেল্ট। একা পোজ দেওয়ার পাশাপাশি ‘বিগ বস ২০’-এর পাপারাজ্জি ও শোয়ের কলাকুশলীদের সঙ্গেও ছবি তোলেন অভিনেতা।
পরে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলেও ‘বিগ বস’-এর মঞ্চ থেকে একগুচ্ছ ছবি শেয়ার করেন সালমান। ছবির ক্যাপশনে লেখেন, ‘#বিগবস২০।’