নোরার নামে মানহানির মামলা বিমান সংস্থার

চার্টার্ড বিমানকে ‘লেগো এয়ারপ্লেন’ ও ‘খেলনা’ বলে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ করে আইনি বিপাকে পড়লেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। এর মধ্যে অভিনেত্রীর বিরুদ্ধে বিমান সংস্থা ৩ কোটি টাকার মানহানি ও ব্যবসায়িক ক্ষতিসাধনের অভিযোগে মামলা দায়ের করেছে।

আহমেদাবাদের গান্ধীনগর আদালতে নোরার বিরুদ্ধে মামলাটি দায়ের করেছে বিমান সংস্থা ‘ডুন্স অ্যাভিয়েশন’।

আগামী ২৫ সেপ্টেম্বর সিনিয়র সিভিল জজ আর আগরওয়ালের আদালতে মামলাটির শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, গত বছর ডিসেম্বর মাসে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার সময় ডুন্স অ্যাভিয়েশনের সিএসএনএ সাইটেশন সিজে২ চার্টার্ড বিমানে সফর করেন নোরা। সফরের সময় বিমানের ভেতরের দৃশ্য তুলে কয়েকটি ভিডিও রেকর্ড করেন তিনি। ৪ দশমিক ৬ কোটিরও বেশি অনুগামী থাকা নোরা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ভিডিও পোস্ট করে বিমানটিকে ‘ক্ষুদ্রাকৃতি’, ‘খেলনা’ এবং ‘লেগো এয়ারপ্লেন’ বলে বিদ্রূপ করেন।

চলতি বছর এপ্রিলে দায়ের করা এই মামলায় সংস্থাটির দাবি, নোরার এই দায়িত্বজ্ঞানহীন ও বিভ্রান্তিকর বক্তব্যের ফলে সাধারণ গ্রাহকদের মধ্যে ভুল বার্তা গেছে। কোনও প্রযুক্তিগত জ্ঞান বা সত্যতা ছাড়াই নোরার ওই মন্তব্যের পর তাদের চার্টার্ড বিমানের বুকিং একধাক্কায় ১৫ থেকে ২০ শতাংশ কমে গেছে এবং একাধিক ফ্লাইট বাতিল হয়েছে।

ডুন্স অ্যাভিয়েশন স্পষ্ট জানিয়েছে, নোরার সফরের জন্য বিমানটি একদম উপযুক্ত ও স্ট্যান্ডার্ড মাপের ছিল। বিমানটি ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন দ্বারা সম্পূর্ণ অনুমোদিত, ওড়ানোর উপযোগী এবং আইন মেনেই পরিচালিত হচ্ছিল।

আদালতের কাছে সংস্থাটি আবেদন জানিয়েছে, ৩ কোটি টাকার আর্থিক ক্ষতিপূরণ প্রদান করা। সামাজিক মাধ্যম থেকে নোরা ফাতেহির পোস্ট করা বিতর্কিত ভিডিও ও সমস্ত মন্তব্য অবিলম্বে মুছে ফেলা।

প্রকাশ্যে অভিনেত্রীকে এ বিষয়ে সঠিক তথ্য জানিয়ে স্পষ্টীকরণ বা বক্তব্য পেশ করা। এই ব্যাপারে এখনও নোরার তরফে কোনও বক্তব্য় মেলেনি।