লাইভ শোতে রেগে টুপি-জ্যাকেট-টি-শার্ট খুলে ফেললেন সালমান

রিয়্যালিটি শো ‘বিগ বস ২০’-এর সাম্প্রতিক ‘উইকএন্ড কা ওয়ার’ পর্বে  মেজাজ হারালেন সালমান খান । নেটপাড়ার ট্রোলিং সংস্কৃতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। মেজাজ হারিয়ে ক্ষোভের চোটে নিজের টুপি, জ্যাকেট এবং টি-শার্ট খুলে ট্রোলারদের সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তিনি।

গত সপ্তাহে প্রতিযোগী তথা ইউটিউবার ‘স্কাউট’-এর (Scout) একটি মন্তব্যের জেরে সালমান তার ক্লাস নেন। গেমিং কমিউনিটিকে উসকে দেওয়ার মনস্তত্ত্ব নিয়ে প্রশ্ন তুলে ভাইজান জানান যে, তাকেও প্রায়শই এই ট্রোলিংয়ের শিকার হতে হয়।

সালমান বলেন, ‘তোমরা কীসের জন্য ট্রোল করতে চাও? কেনই বা করো? এই মনস্তত্ত্বটা কী? আমার সঙ্গেও এমনটা ঘটেছে। বলা হয়— ‘ভাই মোটা হয়ে গেছে’। নাও এবার ট্রোল করো!’

এরপরই তিনি লাইভ শোতে নিজের টুপি, জ্যাকেট ও টি-শার্ট খুলে নিজের শরীর ও ফিটনেস ট্রোলারদের সামনে তুলে ধরেন এবং ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘করো এবার ট্রোলিং! আগে নিজেদের চেহারার দিকে তাকাও। যে মন্তব্যগুলো তোমরা করো— আগে নিজেদের স্বাস্থ্যের দিকে নজর দাও, নিজেদের বাবা-মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখো।’

বিগ বস চলাকালীন রেগে শার্ট খুললেন সালমান

সালমানের এই রূপ দেখে বিগ বসের বাকি প্রতিযোগীরা তাকে হাততালি দিয়ে সমর্থন জানান।

বিগ বসের প্রতিযোগীদের আচরণ ও নিয়মভঙ্গ নিয়েও নিজের অসন্তোষ প্রকাশ করেন দাবাং খান। আম্রপালি দুবের সঙ্গে আলোচনার প্রসঙ্গ টেনে সালমান ব্যঙ্গাত্মক সুরে বলেন, ‘আমরা ভেবেছিলাম খুব দেখেশুনে প্রতিযোগীদের বাছাই করবো, কিন্তু মাঝে মাঝে আমাদের বাছাইয়েও খামতি থেকে যায়। ঘর থেকে যখন গালিগালাজ কাটা হয়, গালি বাদ দেওয়া হয়— তখন বুঝি ভুলটা কোথায় হচ্ছে।’

নিয়ম লঙ্ঘন, কুরুচিকর আচরণ এবং গালিগালাজ করার জন্য প্রতিযোগীদের একহাত নেন তিনি।

গত ৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া বিগ বসের এই নতুন সিজনে প্রতিযোগী হিসেবে যোগ দিয়েছেন অভিনেত্রী মাহি ভিজ, আসিফ খান, আমান গান্ধী, আম্রপালি দুবে; গায়ক কাজী তৌকির, রীতি তিওয়ারি, ইয়ং ডিএসএ; ইউটিউবার স্কাউটওপি; কনটেন্ট ক্রিয়েটর আরিশফা খান এবং অলিম্পিয়ান মেরি কম।