বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে গোয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ভারতীয় অভিনেতা নানা পাটেকর। তার মৃত্যুতে শোবিজে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে স্মৃতীচারণ করেছেন বলিউড কিং শাহরুখ খান।
পোস্টে অভিনেতা জানান, নানাকে তিনি পরামর্শদাতা, শিক্ষক, সমালোচক এবং বন্ধু হিসেবেই পেয়েছেন।
শাহরুখ নানার সঙ্গে প্রথম দিনের কথা স্মরণ করে বলেন, ‘প্রথমবার যখন তার সঙ্গে দেখা হয়েছিল, বিস্ময় আর অস্বস্তিতে আমি বারবার চুলে হাত দিচ্ছিলাম। তিনি আমার হাত সরিয়ে দিয়ে বলেছিলেন, ‘হিরোর মতো চুল সাজানোর চেষ্টা করিস না... তুই একজন অভিনেতা!’
নানা—সোজাসাপ্টা, রুক্ষ, সৎ এবং সবচেয়ে সুন্দর হাসির অধিকারী একজন মানুষ বলেও উল্লেখ করেন শাহরুখ।
নানার ভালোবাসা প্রকাশের অদ্ভুত ধরন ছিল জানিয়ে কিং খান বলেন, ‘ভালোবাসা প্রকাশের তার ছিল অদ্ভুত এক নিজস্ব ধরন। প্রথমে ধমক দিতেন, তারপর তৃতীয় বা চতুর্থ গালির মাঝেই তোমাকে জড়িয়ে ধরতেন। তিনি আমাকে ভালোবাসতেন, আমিও তাকে ভালোবাসতাম।’
নানার সঙ্গে শাহরুখের সখ্যতার বিষয় তুলে ধরে পোস্টে শাহরুখ লেখেন, তিনি ছিলেন আমার পরামর্শদাতা, শিক্ষক, সমালোচক এবং বন্ধু। ক্যারম খেলায় একের পর এক ম্যাচে আমাকে এবং আশপাশের সবাইকে হারিয়ে নিজের জয় দারুণ উপভোগ করতেন।
আক্ষেপ করে শাহরুখ লেখেন, নানা, আপনার সেই তীব্রতা, হাসি, পাগলামি আর ভালোবাসা সবসময় আমাদের সঙ্গে থাকবে। শুধু আফসোস, আরও কিছু সময় যদি পেতাম—আরও কিছু কথা বলার, আরও একটি তর্ক করার, আরও এক কাপ চা ভাগ করে নেওয়ার এবং আরও একটি ক্যারম খেলার।
‘হিরো হওয়ার চক্করে অভিনেতাকে হারিয়ে ফেলিস না’- এমন উপদেশও শাহরুখ শেষ দিন পর্যন্ত হৃদয়ে ধারণ করে রাখবেন বলে তার পোস্টে জানান।
সবশেষে নানার আত্মার শান্তি কামনা করে শাহরুখ বলেন, ‘আল্লাহ আপনার প্রতি রহমত বর্ষণ করুন। স্বর্গ আপনাকে পেয়ে ধন্য হবে। আপনাকে ভালোবাসি এবং ভীষণ মিস করবো।’