শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা

ভারতের তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) আন্দোলন ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছে আন্দোলনকারীরা। তাদের দাবির প্রতি সংহতি জানিয়ে সরব হয়েছেন বলিউডের একাধিক পরিচিত মুখ। কেউ সরাসরি বিক্ষোভে অংশ নিয়েছেন, কেউ আবার সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনকারীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন।

দেখে নেওয়া যাক শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা সমর্থন দিয়েছেন-

শাবানা আজমি ও নাসিরউদ্দিন শাহের সংহতি

গত ২ অক্টোবর মুম্বাইয়ের শিবাজি পার্কে আয়োজিত সমাবেশে যোগ দেন বরেণ্য অভিনেত্রী শাবানা আজমি। ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় নাগরিকদের সচেতন থাকার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। তার বক্তব্যে উঠে আসে, ভোটাধিকার নিয়ে প্রশ্ন উঠলে প্রতিবাদ করার অধিকারও অক্ষুণ্ন থাকা জরুরি।

একই সমাবেশে উপস্থিত ছিলেন অভিনেতা নাসিরউদ্দিন শাহ। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের সঙ্গে তার আলিঙ্গনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সমাবেশে নির্মাতা বিশাল ভরদ্বাজ, সংগীতশিল্পী বিশাল দাদলানি ও অভিনেতা অতুল কুলকার্নিও উপস্থিত ছিলেন বলে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

প্রকাশ রাজ ও ধ্রুব রাঠির অংশগ্রহণ

গত ৮ অক্টোবর বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে সিজেপির আয়োজিত বিক্ষোভে অংশ নেন অভিনেতা প্রকাশ রাজ ও জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। সেখানে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে প্রতিবাদ জানানো হয়। তাদের উপস্থিতি আন্দোলনটির প্রতি সাংস্কৃতিক অঙ্গনের সমর্থনকে আরও আলোচনায় এনেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও তারকাদের সমর্থন

ভারতীয় সংবাদমাধ্যম মিন্টের প্রতিবেদন অনুযায়ী, দিয়া মির্জা ও কঙ্কনা সেনশর্মা শাবানা আজমির শেয়ার করা প্রতিবাদের ভিডিও পুনরায় পোস্ট করেন। রিচা চাড্ডা, টুইঙ্কল খান্না, জোয়া আখতার, শিবানী আখতার, তারা শর্মা সালুজা ও সাবা পাতৌদিও ভিডিওটির মন্তব্য বিভাগে প্রতিক্রিয়া জানান।

আগেও শিক্ষার্থীদের পাশে তারকারা

গত জুলাইয়ে দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভের সময়ও তারকাদের সমর্থন পেয়েছিল আন্দোলনকারীরা। অভিনেতা রিতেশ দেশমুখ ও জেনেলিয়া দেশমুখ তরুণদের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দেন। অভিনেত্রী ভূমি পেড়নেকর শিক্ষার্থীদের দাবির প্রতি মনোযোগ দেওয়ার আহ্বান জানান। নির্মাতা ও অভিনেত্রী নন্দিতা দাস শান্তিপূর্ণ প্রতিবাদ এবং ভিন্নমত প্রকাশের অধিকারের পক্ষে কথা বলেন।

জুলাইয়ের আন্দোলনে শাবানা আজমি ও প্রকাশ রাজও বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করেছিলেন। সব মিলিয়ে শিক্ষা, তরুণদের ভবিষ্যৎ ও ভোটাধিকারের প্রশ্নে সিজেপির আন্দোলনে তারকাদের সংহতি নতুন মাত্রা যোগ করেছে।