ভারতের সরকার বিরোধীদের উপর ক্ষোভ প্রকাশ তানিশার

ভারতের সরকার বিরোধীদের উপর ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী তানিশা মুখোপাধ্যায়। সরকারের ভূমিকা নিয়ে যখন চারিদিকে বিক্ষোভ, প্রতিবাদ তখন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডলে সমালোচকদের নিয়ে মুখ খুলেছেন তিনি।

তানিশার ভাষ্য, ‘কিছু তথাকথিত উচ্চশিক্ষিত, অভিজাত হিন্দুর অন্ধ বিদ্বেষ দেখে আমি সত্যিই অবাক হয়ে যাই। এখনও তারা পুরোপুরি ব্রিটিশ মানসিকতার প্রভাব থেকে বেরিয়ে আসতে পারেননি।’

তিনি আরও বলেন, ‘লন্ডন আর আমেরিকাকে যদি এতই ভালোবাসেন, তাহলে দয়া করে সেখানেই চলে যান। এখানে থেকে আমাদের ছোট করে দেখানোর চেষ্টা করবেন না। হ্যাঁ, আমাদের দেশে অনেক সমস্যা রয়েছে, কিন্তু পরিবর্তন আনতে সময় লাগে। আর গত দশ বছরে আমরা কোথা থেকে কোথায় পৌঁছেছি সেটাও একবার দেখুন।’

তার মতে,  ‘আমরা যদি আমাদের সরকারকে সমর্থন করি তাহলে আমাদের অন্ধভক্ত এবং অশিক্ষিত বলা হয়। অথচ আমেরিকা ও জার্মানি থেকে যারা এই দেশের সিস্টেম নিয়ে অভিযোগ তুলছেন তাদের সমর্থন করলেই আমরা নাকি আধুনিক, প্রগতিশীল।’

তার কথায়, ‘আসলে মানুষের মানসিকতা, চিন্তাভাবনাকে প্রভাবিত করার একটা লড়াই চলছে। কারও প্রভাবে প্রভাবিত হবে না। তাহলে নিজের বিচারবুদ্ধি ও সাধারণ জ্ঞানটুকুও হারিয়ে ফেলবেন। সবকিছু যুক্তি ও তথ্যের ভিত্তিতে হওয়া উচিত। আর আইনের শাসন প্রতিষ্ঠিত থাকলেই একটি সমাজে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা সম্ভব।’

তানিশার পোস্ট থেকে এটুকু স্পষ্ট নাম না করে মোদি বিরোধী ইউটিউবার ধ্রুব রাঠিকে বিঁধেছেন। কারণ তিনি জার্মান। যদিও নিজের নাগরিকত্ব নিয়েও যাবতীয় বিভ্রান্তি দূর করেছেন। শনিবার (১১ অক্টোবর) দিনভর সামাজিকমাধ্যমে দাবি করা হয়েছিল রাঠি ভারতীয় নাগরিক নন, জার্মান। তাই তিনি ভারতে ট্যুরিস্ট ভিসা নিয়ে এসে কোনও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন না। সেটা করলে ভিসার শর্ত লংঘন করা হবে।

তবে এদিন ধ্রুব নিজের ভারতীয় পাসপোর্ট ভিডিওতে দেখিয়ে স্পষ্ট জানিয়েছেন, তিনি ভারতেরই বাসিন্দা।