‘তুমি কি এখনও ভার্জিন?’, প্রশ্ন শুনেই করণ জোহরকে ‘ধমক’ সালমানের

কফি কাউচে বিশেষ অতিথি সালমান খান মানেই তটস্থ থাকে গোটা সিনেদুনিয়া! উপরন্তু অপরপ্রান্তের আসনে যদি সঞ্চালক হিসেবে করণ জোহর থাকেন, তাহলে তো কথাই নেই। আড্ডা, ঠাট্টা মজার মাঝে বাক-বিস্ফোরণের জোয়ার শুধু সময়ের অপেক্ষা!

‘কফি উইথ করণ’-এর শেষ তথা নবম সিজনের প্রথম পর্বেই অতিথি হিসেবে চমক দিলেন সালমান খান। আর সেখানেই সঞ্চালক করণ জোহরের প্রশ্নবাণে স্তম্ভিত ভাইজান!

সালমানকে স্বাগত জানিয়ে করণকে বলতে শোনা যায়, ‘একজন জ্ঞানী মানুষ একবার বলেছিলেন, ‘ইটস ডান, ব্রো’। তাই আমার শেষ সিজন শুরু করার জন্য এই মানুষটির থেকে ভালো আর কে-ই হতে পারেন!’

বিগত দু’দশকেরও বেশি সময় ধরে ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের আড্ডা-গসিপ, বিতর্ক আর নানা আলোচনার ঠেক হয়ে উঠেছে করণ জোহরের টকশো। ‘কফি উইথ করণ’ মানেই নতুন সম্পর্ক, নতুন ব্রেকআপ আর নতুন গুঞ্জন!

এবার ‘কফি উইথ করণ’ এর অন্তিম সিজনের প্রথম পর্বেই বোমা ফাটালেন প্রযোজক-সঞ্চালক।

মঙ্গলবার (১৩ অক্টোবর) মুক্তিপ্রাপ্ত প্রোমোতেই বেশ বোঝা গেল যে, দর্শকমহলের জন্য বড়সড় চমক অপেক্ষা করছে। প্রচারঝলকের গোড়াতেই ভাইজানের সঙ্গে সঞ্চালককে রসিকতায় মাততে দেখা গেল।

শুধু তাই নয়, খুনসুটি করে তাকে সালমানকে বলতে শোনা যায়, ‘কফি উইথ করণের পর এবার শুরু হচ্ছে কফি উইথ সালমান।’ এরপরই বলিউড সুপারস্টারকে সরাসরি করণ জোহর জিজ্ঞেস করে বসেন, ‘তুমি কি এখনও ভার্জিন (চিরকুমার)?’

এটাই অবশ্য প্রথম নয়! অতীতে একবার ‘কফি উইথ করণ’-এ এসেও এমন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল ভাইজানকে। তবে এবার আর থামেননি। পালটা করণ জোহরকে সীমাজ্ঞানের পাঠ দিয়েছেন সালমান। তিনি বলেন, ‘আরে ভাই নিজেকে একটু কন্ট্রোল করো।’