স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, এক সুটকেস নিয়ে বাড়ি ছাড়লেন সেলিনা

দাম্পত্যের টানাপোড়েন, সন্তানদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার যন্ত্রণা এবং আইনি লড়াই- এই তিনের সঙ্গে প্রতিনিয়ত লড়ছেন অভিনেত্রী সেলিনা জেটলি। স্বামী পিটার হাগের সঙ্গে সম্পর্কের অবনতি এবং বিচ্ছেদের প্রক্রিয়া নিয়ে এর আগেও একাধিকবার মুখ খুলেছেন ‘নো এন্ট্রি’ খ্যাত অভিনেত্রী।

এবার সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানদের সঙ্গে কয়েকটি ছবি ভাগ করে নিয়ে জীবনের কঠিন অধ্যায়ের কথা তুলে ধরলেন তিনি। সেলিনার অভিযোগ, সংসার ভাঙলেও সন্তানদের কথা ভেবে তিনি চেয়েছিলেন শান্তিপূর্ণভাবে বিচ্ছেদ হোক। কিন্তু তার সেই আবেদন গুরুত্ব পায়নি।

ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্টে সেলিনা জানিয়েছেন, গত বছরের ১২ অক্টোবর মুম্বইয়ে ফিরে এসেছিলেন তিনি। সঙ্গে ছিল মাত্র একটি সুটকেস। তাতে ছিল কিছু প্রয়োজনীয় নথি, প্রয়াত মায়ের শাড়ি আর একরাশ মানসিক যন্ত্রণা।

অভিনেত্রীর কথায়, জীবনের অন্যতম কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন তিনি। ২০২৫ সালের সেপ্টেম্বরের গোড়ায় বিবাহবার্ষিকীর উপহার আসছে ভেবে পোস্ট অফিসে গিয়েছিলেন তিনি। কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন, উপহার নয়, তার জন্য অপেক্ষা করছিল বিবাহবিচ্ছেদের নোটিশ।

অভিনেত্রীর দাবি, আদালতের প্রথম শুনানিতে বিচারক দুই পক্ষকে নভেম্বর পর্যন্ত পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিচ্ছেদের পথ খোঁজার সময় দিয়েছিলেন। সেই সুযোগে স্বামীকে অনুরোধ করেছিলেন তিনি, সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে যেন বিষয়টি শান্তিপূর্ণভাবে মিটিয়ে নেওয়া হয়।

সেলিনার অভিযোগ, স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিজ্ঞতা আদালতে প্রকাশ না করার আশ্বাস দিয়েও তিনি কোনও সাড়া পাননি। এর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে বলে জানিয়েছেন সেলিনা।

তার দাবি, সন্তানদের কাছে তাকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে এবং যৌথ অভিভাবকত্বের অধিকার থেকেও তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

সেলিনা জানিয়েছেন, অস্ট্রিয়ার প্রতিবেশীদের সহায়তায় রাতের অন্ধকারে বাড়ি ছাড়েন তিনি। পরে হোটেলে থেকে ফোন ও জুমের মাধ্যমে সন্তানদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করেন। কিন্তু আদালতে সম্পত্তি ফিরে পাওয়ার আবেদন জানানোর দিন থেকেই সন্তানদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে তার অভিযোগ।

নিজের মাতৃত্ব ও সন্তানদের প্রতি দায়িত্ববোধের সাক্ষী হিসেবে একাধিক পরিচিত মানুষের নামও উল্লেখ করেছেন সেলিনা। তাদের মধ্যে রয়েছেন অভিনেত্রী লারা দত্ত, যিনি দীর্ঘদিন ধরে তার পারিবারিক জীবনের কাছাকাছি ছিলেন। পাশাপাশি প্রতিবেশী, চিকিৎসক ও স্কুলের অভিভাবক গোষ্ঠীর সদস্যদের কথাও উল্লেখ করেছেন তিনি।

২০১০ সালে হায়দরাবাদে পিটার হাগকে বিয়ে করেছিলেন সেলিনা। ২০২৫ সালের নভেম্বরে মুম্বাইয়ে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন অভিনেত্রী। তার কথায়, ন্যায়বিচারের আশায় এখনও অপেক্ষা করছেন তিনি।