বালিতে দুর্ঘটনার পর নুসরাতের অস্ত্রোপচার, অভিনেত্রীর টিম যা জানালো

বালিতে দুর্ঘটনার পর মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার করেছেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বর্তমানে বাড়িতে বিশ্রাম নিচ্ছেন তিনি। তবে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন অভিনেত্রীর টিম।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক বিবৃতিতে নুসরাতের টিম জানায়, দুর্ঘটনার পর কঠিন সময় পার করে সফলভাবে মেরুদণ্ডে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে অভিনেত্রীর।

বিবৃতিতে আরও বলা হয়, পরিবারের যত্ন ও স্বস্তির পরিবেশে থেকে সুস্থ হয়ে ওঠার দিকে মনোযোগ দিচ্ছেন অভিনেত্রী। পুরোপুরি সুস্থ হতে সময় লাগলেও তিনি ইতিবাচক রয়েছেন এবং শারীরিক শক্তি ফিরে পাওয়ার চেষ্টা করছেন। এই কঠিন সময়ে ভালোবাসা, প্রার্থনা ও শুভকামনা জানানোর জন্য ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছে তার টিম।

ছুটি কাটানোর উদ্দেশ্যে বালিতে গিয়েছিলেন নুসরাত। সেখানে দুর্ঘটনার শিকার হয়ে মেরুদণ্ডে চিড় ধরে তার। প্রথমে ইন্দোনেশিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাইয়ে নেওয়া হয়।

মুম্বাইয়ে পৌঁছানোর পর স্ট্রেচারে শুয়ে থাকা নুসরাতের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ভক্তরা।

দুর্ঘটনার আগে নেটফ্লিক্সের সিনেমা ‘উফফ ইয়ে সিয়াপ্পা’তে দেখা গেছে নুসরাতকে।