শাহরুখের ‘চাক দে! ইন্ডিয়া’ ফিরিয়ে দিয়ে আক্ষেপে নেহা ধুপিয়া

বলিউড বাদশাহ শাহরুখ খানের জনপ্রিয় সিনেমা ‘চাক দে! ইন্ডিয়া’তে অভিনয়ের সুযোগ পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন অভিনেত্রী নেহা ধুপিয়া। দীর্ঘদিন পর সেই সিদ্ধান্ত নিয়ে আক্ষেপের কথা জানালেন তিনি।  শুধু এই সিনেমাই নয়, সামরিক বাহিনীর অভিযানকেন্দ্রিক আরেকটি প্রকল্পেও কাজের সুযোগ হাতছাড়া করেছিলেন অভিনেত্রী।

সম্প্রতি নিজের চ্যাট শো ‘ডাবল ডেট’-এর একটি বোর্ড গেম পর্বে অংশ নিয়ে ‘চাক দে! ইন্ডিয়া’ ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে কথা বলেন নেহা ধুপিয়া।

২০০৭ সালে মুক্তি পাওয়া ‘চাক দে! ইন্ডিয়া’ বলিউডের অন্যতম প্রশংসিত ক্রীড়াভিত্তিক সিনেমা। এতে সাবেক হকি অধিনায়ক কবির খানের চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান। ভারতীয় নারী হকি দলকে সাফল্যের পথে এগিয়ে নেওয়ার গল্প নিয়ে নির্মিত সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। দলগত সংহতি, আত্মবিশ্বাস ও দেশপ্রেমের বার্তা ছবিটিকে আজও দর্শকদের কাছে স্মরণীয় করে রেখেছে।

সিনেমাটির একটি সংলাপ এখনো ভক্তদের মুখে মুখে ফেরে—‘মুঝে স্টেটস কে নাম না সুনাই দিতে হ্যায়, না দিখাই দিতে হ্যায়। সির্ফ এক মুলক কা নাম সুনাই দেতা হ্যায়—ইন্ডিয়া।’ অর্থাৎ, রাজ্যগুলোর নাম আমার কানে আসে না, চোখেও দেখি না। শুধু একটি দেশের নামই শুনতে পাই—ভারত।

নেহা ধুপিয়া বলেন, ‘কখনও কখনও পেছনে ফিরে তাকালে, যেসব সুযোগ ফিরিয়ে দিয়েছি, সেগুলো থেকে কী হারিয়েছি তা বুঝতে পারি। ‘চাক দে! ইন্ডিয়া’ এবং ‘অপারেশন সাফেদ সাগর’ এমন দুটি সুযোগ, যেগুলোর কথা আমার মনে রয়ে গেছে।’

নেহা আরও জানান, তিনি সব সময়ই একটি ভালো ক্রীড়াভিত্তিক সিনেমা এবং সামরিক বাহিনীকে কেন্দ্র করে নির্মিত গল্পে অভিনয় করতে চেয়েছিলেন। কিন্তু এই দুটি প্রকল্পে কাজের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি।

তার কথায়, ‘আমি সব সময় একটি ভালো স্পোর্টস ফিল্ম ও একটি ভালো মিলিটারি ফিল্মে কাজ করতে চেয়েছিলাম। কিন্তু এই দুটি বড় সুযোগই হাতছাড়া করেছি।’

সূত্র: এনডিটিভি