দিলজিতের কনসার্ট ঘিরে অনিশ্চয়তা, অনুমতি দিলো না পুলিশ

বলিউড ও পঞ্জাবি সংগীতপ্রেমীদের জন্য খারাপ খবর! দিলজিৎ দোসাঞ্জের দিল্লির কনসার্ট ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আগামী ৩০ অক্টোবর দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে তার ‘অরা ইন্ডিয়া ট্যুর’-এর প্রথম অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

সেই কনসার্টের অনুমতি দিতে অস্বীকার করেছে দিল্লি পুলিশ। ফলে যারা ইতিমধ্যেই টিকিট কেটে ফেলেছেন কিংবা অনুষ্ঠানে যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের মধ্যে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে উদ্বেগ।

এইচটি সিটির প্রতিবেদন অনুযায়ী, টিকিট বিক্রির সংস্থা বুকমাইশোকে একটি চিঠি পাঠিয়েছেন দিল্লি পুলিশের দক্ষিণ জেলার ডেপুটি কমিশনার। নিরাপত্তাজনিত আশঙ্কা, উৎসবের মরশুমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখার প্রয়োজনীয়তা এবং আইনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্বের কথা মাথায় রেখে এই অনুষ্ঠানের অনুমতি দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ। ফলে নির্ধারিত দিনে দিল্লিতে দিলজিতের অনুষ্ঠান হওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

প্রায় দু’বছর পর ভারতে কনসার্ট করতে চলেছেন দিলজিৎ দোসাঞ্জ। তার ‘অরা ইন্ডিয়া ট্যুর’ শুরু হওয়ার কথা ৩০ অক্টোবর দিল্লি থেকে। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, এই ট্যুরের টিকিটের সর্বোচ্চ মূল্য ১৮ হাজার রুপি। ফলে চড়া দাম দিয়ে টিকিট কেটেও প্রিয় গায়ককে সরাসরি মঞ্চে দেখতে পাবেন কি না, তা নিয়ে চিন্তায় অনুরাগীরা।