বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য সম্পর্ক বেশ কিছুদিন ধরেই আলোচনায়। তাদের সম্পর্কে টানাপোড়েনের খবরের পাশাপাশি অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে অভিনেতার কথিত প্রেমের গুঞ্জনও ছড়িয়েছে। তবে স্বামী গোবিন্দার সঙ্গে ৪০ বছরের দাম্পত্য সম্পর্ক টিকে থাকবে বলে দৃঢ় বিশ্বাস সুনীতার।
পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আশা প্রকাশ করেছেন, খুব শিগগিরই আবার একসঙ্গে সুখী পরিবার হিসেবে ফিরবেন তারা।
এদিকে, খুব শিগগিরই বলিউডে অভিষেক হতে যাচ্ছে সুনীতার। একতা কাপুর ও অমর বুতালা যৌথভাবে নির্মাণ করতে যাচ্ছেন নতুন হরর-কমেডি সিনেমা ‘হিরো কি হররিন’। আসন্ন এই ছবিতে নিজের ছেলে যশবর্ধন আহুজার মায়ের চরিত্রে অভিনয় করবেন তিনি। এই ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হতে মা ও ছেলে দুজনেরই।
ছবিটি আগামী ৭ জানুয়ারি ২০২৭ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এটি হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে একটি ব্যতিক্রমী ঘটনা হতে যাচ্ছে, যেখানে মা ও ছেলে একসঙ্গে বলিউডে অভিষেক করছেন।
এ ছাড়া ছবির প্রধান নারী চরিত্রে রয়েছেন নিতাংশী গোয়েলও। ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জেমি লিভার, চাঙ্কি পাণ্ডে, ব্রিজেন্দ্র কালা ও সিমরাত কৌর রন্ধাওয়াকে।