তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ শ্রীলীলা। তবে অভিনেত্রীর আসন্ন ছবির তালিকায় কোনও তেলেগু প্রজেক্ট নেই। এ কারণে প্রশ্ন উঠেছে কেন তিনি তেলেগু ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে রেখেছেন নিজেকে? তিনি কি আর দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করবেন না?
এই সমস্ত গুঞ্জনের জবাবে এবার মুখ খুললেন অভিনেত্রী নিজেই। শ্রীলীলা জানান, ডাক্তারি পড়াশোনা শেষ করার পর তিনি মুম্বইতে মেডিকেল ইন্টার্নশিপ করছেন। এ সময়ে ছবির প্রস্তাব পেলেও কাজ করতে পারেননি।
হায়দ্রাবাদে ‘ওএম: অপারেশন মোল'-এর তেলেগু প্রি-রিলিজ অনুষ্ঠানে শ্রীলীলাকে দেখা যায়। সেখানে তিনি বলেন, ‘আপনারা সবাই জানেন যে, ডাক্তারি পড়ার পর গত দুই বছর আমি মুম্বাইতে ইন্টার্নশিপ করছিলাম। আমাকে শারীরিকভাবে সেখানেই উপস্থিত থাকতে হতো বলে আমি ছবি বাছাই করতে পারছিলাম না।’
গত ছয় বছর ধরে ডাক্তারি পড়ার পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় চালিয়ে যাওয়ার পর শ্রীলীলা মুম্বাইয়ের ডিওয়াই পাটিল বিশ্ববিদ্যালয় থেকে তার ডিগ্রি সম্পন্ন করেছেন। এই বছরের শুরুতে, তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সমাবর্তন অনুষ্ঠানের ছবি শেয়ার করেন, যেখানে তাকে তার পরিবারের সাথে এবং সহপাঠীদের সঙ্গে পোজ দিতে দেখা যায়।
তিনি লিখেছেন, ‘এটা শুধু একটা ডিগ্রির বিষয় ছিল না। এটা ছিল বেড়ে ওঠা, বিশ্বাস, কান্না, সহনশীলতা এবং নিজেকে গড়ে তোলার গল্প। আমার পরিবার, আমার বন্ধু এবং আমার কর্মক্ষেত্রের বন্ধুদের—বিশেষ করে আমার পরীক্ষার সময়টাকে মানিয়ে নেওয়ার জন্য এবং এই কঠিন সময়ে আমার পাশে থাকার জন্য—আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ (জোড়জোড় ইমোটিকন)। যখন আমি নিজের উপর বিশ্বাস করতে শিখছিলাম, তখন যারা আমার উপর বিশ্বাস রেখেছিলেন… সবাইকে ধন্যবাদ।’
রাজকুমার পেরিয়াসামি রচিত ও পরিচালিত একটি তামিল ভাষার স্পাই অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র ‘ওএম: অপারেশন মোল’। এই ছবিতে শ্রীলীলা ছাড়া আরও অভিনয় করেছেন ধনুশ, মামুটি, সাই পল্লবী, নাসিরুদ্দিন শাহ ও ইন্দ্রান্স।
আগামীতে শ্রীলীলা ‘ধর্মন’ ছবিতে রজনীকান্তের সাথে স্ক্রিন শেয়ার করবেন।