বোল্ড চরিত্র কিংবা অন্তরঙ্গ দৃশ্যে আজকাল অনেক তারকাই স্বাচ্ছন্দ্যে অভিনয় করছেন। গল্প ও চরিত্রের প্রয়োজনে এমন দৃশ্যে অভিনয় করতে তারকারা আগ্রহী হয়ে ওঠছেন। তবে এমন দৃশ্যে অভিনয় করতে গিয়ে অনেক নারী তারকাকে অস্বস্তিকর অভিজ্ঞতার মুখেও পড়তে হয়েছে।
ঘনিষ্ঠ বা সাহসী দৃশ্যে অভিনয়ে প্রশংসিত হয়েছেন এমন তিন তারকার মুখে শোনা যাক অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা…
অনুপ্রিয়া গোয়েঙ্কা
অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের সময় সহ-অভিনেতাদের কাছ থেকে পাওয়া দুটি অস্বস্তিকর অভিজ্ঞতার কথা জানিয়েছেন অনুপ্রিয়া গোয়েঙ্কা। একই সঙ্গে চলচ্চিত্রশিল্পে ইন্টিমেসি কো-অর্ডিনেটর বা অন্তরঙ্গ দৃশ্যের সমন্বয়কের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
এক সাক্ষাৎকারে অনুপ্রিয়া জানান, চুম্বনের দৃশ্যের শুটিংয়ের সময় তিনি অস্বস্তিতে পড়েছিলেন। তার সহ-অভিনেতা পেশাগত সীমারেখা বজায় রাখতে পারছিলেন না বলে মনে হয়েছিল। ওই ঘটনায় নিজেকে অপমানিত বোধ করেছিলেন তিনি।
আরেকটি ঘটনার কথা জানিয়ে অভিনেত্রী অভিযোগ করেন, একটি দৃশ্যে সহ-অভিনেতার তার কোমরে হাত রাখার কথা ছিল। কিন্তু ওই অভিনেতা কোমরের পরিবর্তে অন্য জায়গায় হাত রেখেছিলেন।
অনুপ্রিয়া মনে করেন, অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের জন্য অতিরিক্ত শারীরিক ঘনিষ্ঠতার প্রয়োজন নেই। অভিনেতা-অভিনেত্রীদের ব্যক্তিগত সীমারেখা ও সম্মান বজায় রেখেও সূক্ষ্মভাবে এসব দৃশ্য ধারণ করা সম্ভব।
রাধিকা আপ্তে
সাহসী ও ব্যতিক্রমী চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত রাধিকা আপ্তে। ক্যারিয়ারে বেশ কয়েকটি সিনেমায় নগ্নতা ও অন্তরঙ্গ দৃশ্যেও অভিনয় করেছেন তিনি। তবে অভিনেত্রীর দাবি, এসব দৃশ্যে অভিনয়ের কারণে চলচ্চিত্রশিল্পের কিছু নির্মাতা ধরে নিয়েছিলেন, চিত্রনাট্যে প্রয়োজন না থাকলেও তিনি এমন দৃশ্যে অভিনয় করতে আপত্তি করবেন না।
এক সাক্ষাৎকারে রাধিকা জানান, কোনও যুক্তিসংগত কারণ ছাড়াই তাকে সহ-অভিনেতাদের চুম্বন করতে বলা হয়েছিল। এমনকি অন্তর্বাস পরে একটি অ্যাকশন দৃশ্যে অভিনয়ের প্রস্তাবও পেয়েছিলেন তিনি।
অভিনেত্রীর কথায়, ক্যারিয়ারের শুরুর দিকে চার-পাঁচটি সিনেমায় তাকে সম্পূর্ণ নগ্ন হয়ে অভিনয় করতে হয়েছিল।
রাধিকার ভাষায়, অনেকের ধারণা ছিল, ‘এ তো করে ফেলবে, তাই না?’ অর্থাৎ সাহসী দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা থাকায় তাকে যেকোনও ধরনের অন্তরঙ্গ দৃশ্যের প্রস্তাব দেওয়া যেতে পারে বলে মনে করতেন কেউ কেউ।
তিনি আরও জানান, একবার তাকে ১৫ সেকেন্ডের জন্য চুম্বনের দৃশ্যে তাৎক্ষণিক অভিনয় বা ‘কিসিং ইম্প্রোভাইজেশন’ করার প্রস্তাবও দেওয়া হয়েছিল।
এষা গুপ্ত
বলিউডে যৌনতার প্রতীক বলা হয় এষা গুপ্তকে। এমন মন্তব্য নিজেও বার বার শুনেছেন অভিনেত্রী। ‘জন্নত ২’ ছবি থেকে অভিনয়ের সফর শুরু করেছিলেন তিনি। প্রথম ছবিতেই ইমরান হাশমির সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য। তার পরে একাধিক বার সাহসী রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী। তাই পেয়েছেন ‘সেক্স সিম্বল’ তকমা।
এক সাক্ষাৎকারে এই বিষয়ে খোলামেলা আলোচনা করেন এষা। তিনি বলেন, ‘অভিনয়জীবনের শুরুর দিকে আমি নিজেকে নিয়ে কোনও গতে বাঁধা ধারণা তৈরি করতে চাইনি। সেটা লোকজনই করেছে।’
দর্শকের জন্যই কি তিনি ‘সেক্স সিম্বল’ বা যৌনতার প্রতীক হয়ে উঠেছেন? উত্তরে এষার সপাটে জবাব, ‘যৌনতার প্রতীক আবার কী! যৌনতার প্রতীক হল কামসূত্র। এষা নয়!’
তবে এই তকমা নিয়ে খুব একটা আক্ষেপ নেই এষা গুপ্তের। তিনি বলেন, আপনি যদি বলেন, এষা যৌনতার প্রতীক তা হলে বলতে হবে এটা ঈশ্বরের দান। এটা কামদেবের দান। ‘সেক্স সিম্বল’ কোনও ভাল তকমা হতে পারে না। আবার খারাপও না।’
কিন্তু এই তকমার জন্য একটা সময়ে আত্মবিশ্বাসও কমে গিয়েছে বলে জানান এষা। তাই অভিনেত্রী বলেন, ‘আপনারাই আমাকে ভাবতে বাধ্য করেছেন, পাশের বাড়ির মেয়ের মতো দেখতে হওয়া উচিত। লোকজনই আমাকে বুঝিয়ে দিয়েছেন, আমি যেমন দেখতে, সেটাকে সৌন্দর্য বলে না।’