দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। একের পর এক নারীপ্রধান সিনেমার সাফল্য, পারিশ্রমিক এবং ব্যবসায়িক উদ্যোগ—সব মিলিয়ে ভারতীয় চলচ্চিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ‘লেডি সুপারস্টার’ হিসেবে।
বুধবার (১৮ নভেম্বর) ৪২ বছরে পা দিয়েছেন নয়নতারা। জন্মদিনে জেনে নেওয়া কত টাকার মালিক তিনি…
তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড় ও হিন্দি—পাঁচ ভাষার ৭৫টির বেশি সিনেমায় অভিনয় করেছেন নয়নতারা। ২০০৩ সালে মাত্র ১৮ বছর বয়সে মালয়ালম সিনেমা ‘মনসিনাক্কারে’ দিয়ে অভিনয়ে অভিষেক হয় তার।
এরপর ২০০৫ সালে রজনীকান্তের ‘চন্দ্রমুখী’ ও এ আর মুরুগাদস পরিচালিত ‘গজিনি’ দিয়ে তামিল সিনেমায় পরিচিতি পান। ২০০৭ সালে ‘বিল্লা’ সিনেমায় ভিন্ন লুকে হাজির হয়ে নিজের চেনা ইমেজও ভেঙে দেন তিনি।
শুধু অভিনয় নয়, পর্দায় তার উপস্থিতিতেও রয়েছে বাণিজ্যিক সিনেমার নায়কোচিত বৈশিষ্ট্য। জমকালো পরিচিতি দৃশ্য, সংলাপে দর্শকের উচ্ছ্বাস কিংবা খলনায়কদের মোকাবিলার দৃশ্য—সবকিছুতেই প্রচলিত পুরুষকেন্দ্রিক নায়কনির্ভর সিনেমার ধারা অনুসরণ করেছেন তিনি।
২০১৮ সালে ‘কোলামাভু কোকিলা’ মুক্তির দিন সকাল ছয়টায় প্রদর্শনী পেয়েছিল। নারীপ্রধান সিনেমার ক্ষেত্রে এমন ঘটনা ছিল বিরল। একই বছর ফোর্বসের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকাদের তালিকায় দক্ষিণ ভারত থেকে একমাত্র অভিনেত্রী হিসেবে জায়গা পান নয়নতারা।
অভিনয়ের সাফল্যের সঙ্গে বেড়েছে তার পারিশ্রমিকও। শাহরুখ খানের বিপরীতে ‘জওয়ান’ দিয়ে হিন্দি সিনেমায় অভিষেকের সময় প্রায় ১০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন বলে খবর প্রকাশিত হয়েছিল। টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, সম্প্রতি ‘টক্সিক’ সিনেমার জন্য ১৮ কোটি রুপি পারিশ্রমিক দাবি করেছেন তিনি।
সম্পদ ও ব্যবসায়িক উদ্যোগ
অভিনয়ের পাশাপাশি ব্যবসায়ও যুক্ত হয়েছেন নয়নতারা। বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করে বড় অঙ্কের আয় করেন তিনি। প্রতি বিজ্ঞাপনের জন্য প্রায় পাঁচ কোটি রুপি পারিশ্রমিক নেন বলে জানা গেছে। একবার টাটা স্কাইয়ের ৫০ সেকেন্ডের একটি বিজ্ঞাপনে চার ভাষায় কাজ করে পাঁচ কোটি রুপি পেয়েছিলেন বলেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
স্বামী পরিচালক ভিগনেশ শিবানের সঙ্গে ‘রাউডি পিকচার্স’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে তার। প্রতিষ্ঠানটির মূল্য প্রায় ৫০ কোটি রুপি বলে দাবি করা হয়েছে। ২০২৩ সালে সিঙ্গাপুরের উদ্যোক্তা ডেইজি মরগ্যানের সঙ্গে যৌথভাবে ত্বকের যত্নের প্রসাধনী ব্র্যান্ড ‘নাইনস্কিন’ চালু করেন তারা।
এর আগে ২০২১ সালে চর্মরোগ বিশেষজ্ঞ রেনিতা রাজনের সঙ্গে যৌথভাবে লিপ বাম ব্র্যান্ডের ব্যবসায় যুক্ত হয়েছিলেন নয়নতারা। ভারতের বিভিন্ন শহরে তার একাধিক সম্পত্তিও রয়েছে।
২০২১ সালে চেন্নাইয়ে চার শয়নকক্ষের একটি ফ্ল্যাট কেনেন ভিগনেশের সঙ্গে। এ ছাড়া হায়দরাবাদের বানজারা হিলসে দুটি বাড়ি রয়েছে তার, যার মূল্য ৩০ কোটি রুপির বেশি বলে জানা গেছে।
মুম্বাইয়ে বিলাসবহুল চার শয়নকক্ষের ফ্ল্যাট এবং কেরালায় পৈতৃক বাড়িও রয়েছে অভিনেত্রীর। তার ব্যক্তিগত বিমানের আনুমানিক মূল্য ৫০ কোটি রুপি। গাড়ির সংগ্রহে রয়েছে বিএমডব্লিউ ৫ সিরিজ, মার্সিডিজ জিএলএস ৩৫০ডি ও বিএমডব্লিউ ৭ সিরিজ।
বলা যায়, নয়নতারার আনুমানিক মোট সম্পদের পরিমাণ ২০০ কোটি ভারতীয় রুপি। বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ২৮০ কোটি টাকারও বেশি।
নয়নতারা অভিনীত সর্বশেষ সিনেমা ‘মুকুথি আম্মান ২’।
সূত্র: আউটলুক ইন্ডিয়া