ক্ষুব্ধ জয়া, শুটিং বন্ধের আহ্বান!

জয়া আহসান যে প্রাণবিক মানুষ, এ কথা মিডিয়ার সবার জানা। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এ ব্যাপারে সবসময়ই সরব। এবার আরও একবার এই অভিনেত্রী তার প্রতিধ্বনি দিলেন। এমনকি প্রাণী রক্ষায় বন বিভাগের প্রতি জানালেন আহ্বান, সতীর্থ সজল-বুবলীদের বললেন শুটিং বন্ধ করতে!

প্রকৃত ঘটনা এই, আব্দুন নূর সজল ও শবনম বুবলী প্রথমবারের মতো জুটিবেঁধে অভিনয় করছেন ‘শাপলা শালুক’ নামে একটি সিনেমায়। প্রায় ১১ দিন ধরে শেরপুরের নালিতাবাড়ীর ভারতীয় সীমান্তবর্তী এলাকার পাহাড় ও বিভিন্ন লোকেশনে চলছে এর দৃশ্যধারণের কাজ। এই অঞ্চলে হাতিসহ অন্যান্য বন্যপ্রাণীর আনাগোনা রয়েছে। সেখানে স্বাধীনভাবে বিচরণ করে প্রাণীরা। তবে বিপত্তি বাধে তখনই, যখন এই সিনেমার শুটিং স্পটে বন্যহাতি আক্রমণ করে।সজল ও বুবলীবিষয়টি ২৮ মে নিশ্চিত করেন সজল। তিনি তখন বলেন, ‘গত ১০ দিন ধরে এখানে শুটিং করছি। প্রায় সময়ই বন্যহাতি আক্রমণ করে এখানে। আমাদের সেটে প্রায় ৮/৯টা বন্যহাতি আক্রমণ করেছিল। সবাই ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। পরে কোনোভাবে তাদের সেখানে থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সেভাবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি আমাদের।’

এমনকি অভিনেতা এটাকে রোমাঞ্চকরও বলেছেন। কিন্তু প্রাণী সচেতন অভিনেত্রী জয়া আহসান বিষয়টিকে মোটেও ভালো চোখে দেখছেন না। তিনি মনে করেন, এতে বন্যপ্রাণীদের স্বাধীনতা নষ্ট করা হচ্ছে, তাদের বিরক্ত করা হচ্ছে। তিনি এটাও মনে করছেন, এমনভাবে শুটিং করায় বনের পরিবেশ নষ্ট হচ্ছ।

এমনকি এই অভিনেত্রী সেখানে সজল-বুবলীর সিনেমার শুটিং বন্ধে বন বিভাগের প্রতি আহ্বানও জানিয়েছেন! 

বৃহস্পতিবার (২৯ মে) জয়া একটি ফটোকার্ড নিজের ফেসবুকে শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘এই আরেক উপদ্রব বনের ভেতর। বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি। মন চাইলেই লাইট ক্যামেরা অ্যাকশন শুরু করা যায়?’

তিনি অনেকটা ক্ষুব্ধ হয়ে এরপর লিখেছেন, ‘মাইকের শব্দ, শুটিং টিমের বর্জ্য, গান-বাজনা, এগুলো কি অ্যালাউ করা ঠিক হবে এ রকম একটা সেনসিটিভ জায়গায়?’জয়া আহসানবলা প্রয়োজন, এটাই প্রথমবার নয়, প্রাণিকুলের ব্যাপারে সবসময়ই সোচ্চার জয়া।

উল্লেখ্য, রাশেদা আক্তার লাজুকের নির্মাণে সিনেমাটিতে সজল-বুবলী ছাড়াও অভিনয় করছেন সুমন আনোয়ার, আয়মান শিমলা, দিলরুবা দোয়েল, রফিকুল রুবেল, বাপ্পী প্রমুখ।