ঢালিউড তারকা শাকিব খানের সঙ্গে পশ্চিমবঙ্গের নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডুর রসায়ন প্রকাশ্যে এলো। তাদের অভিনীত নতুন চলচ্চিত্র ‘প্রিন্স’-এর গান ‘পরী’ মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে। রাজস্থানের প্রাচীন কেল্লায় ও মরুভূমিতে চিত্রায়িত এর বিভিন্ন দৃশ্যে এই জুটিকে দেখে মুগ্ধ ভক্তরা। বিনোদন অঙ্গনের অনেকেই গানটি শেয়ার করে সংশ্লিষ্টদের প্রশংসায় ভাসিয়েছেন।
‘পরী’র মাধ্যমে ৮ বছর পর শাকিব খানের ছবিতে ইমরান মাহমুদুলের সুর-সংগীতে গান স্থান পেলো। এটি গেয়েছেন ইমরান ও কোনাল। এর কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন।
‘প্রিন্স’-এ শাকিবের আরেক নায়িকা তাসনিয়া ফারিণ। পবিত্র ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।
প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, সেন্সর সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র পেয়েছে ২ ঘণ্টা ২৯ মিনিট দৈর্ঘ্যের ‘প্রিন্স’। শিরিন সুলতানা প্রযোজিত ছবিটির ট্যাগলাইন ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’। ভারতের রাজস্থান ছাড়াও বাংলাদেশ এবং শ্রীলঙ্কার কলম্বোতে এর শুটিং হয়েছে। এতে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য। এছাড়া আছেন ইন্তেখাব দিনার, ডা. এজাজ, রাশেদ মামুন অপু, শরীফ সিরাজসহ অনেকে।
ছোট পর্দার নির্মাতা আবু হায়াত মাহমুদ পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রিন্স’। নব্বই দশকের পটভূমিতে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে তৈরি হয়েছে এটি। পরিচালকের সঙ্গে মিলে এর গল্প, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন মেজবাহ উদ্দীন সুমন ও মোহাম্মদ নাজিমউদ্দিন। আবহ সংগীত পরিচালনায় আরাফাত মহসীন নিধি।